নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের ম্যাচ ফি’ও বৃদ্ধি করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানিয়েছেন, বোর্ড সভায় তাঁদের ২০ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে শফিউল আলম বলেন,”আমরা নারী ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছি এবং তারা এই মাস (জুলাই) থেকেই নতুন স্কেলে বেতন পাবে।’’

এদিকে নারী ক্রিকেটাররা ম্যাচ ফি হিসেবে ওয়ানডেতে ১০০ ডলার এবং ৭৫ ডলার পেতেন। যা বৃদ্ধি করে ওয়ানডেতে ৩০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ১৫০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন চুক্তিতে ১৯ জন থেকে ২২জন করা হয়েছে।

যেখানে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৬০ হাজার টাকা পাবেন। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার এবং সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার টাকা করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »