এবার শোয়েব আখতারকে পাল্টা জবাব বাবরের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের দ্বিতীয় সারির একটি দলের কাছে পাত্তাই পায়নি বাবর আজমের পাকিস্তান। রমিজ রাজা যেটিকে কাউন্টি দল বলে আখ্যায়িত করেছিলেন। শেষ ম্যাচে বাবর আজমের ক্যারিয়ারের সেরা ১৫৮ রানে ভর করে ৩৩১ রানের পাহাড়সম স্কোর দাড় করিয়ে সেই ম্যাচও ৪ উইকেটে হেরেছে পাকিস্তান।

স্বভাবতই পাকিস্তানের এমন বেখাপ্পা পারফরম্যান্স দেখে রেগেমেগে আগুন শোয়েব আখতার। পাকিস্তান দলের বর্তমান খেলোয়াড় এবং পিসিবিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। দল এবং বোর্ড কর্তাদের একেবারেই সাধারণ মানের বলে কটাক্ষ করেছিলেন তিনি।

এক ভিডিওতে শোয়েব আখতার বলেন, “এটি একটি লজ্জাজনক পারফরমেন্স। আমাদের বোর্ড হল অ্যাভারেজ। এরা বেছে এনেছে অ্যাভারেজ সাধারণদের, পরিচালনা যেহেতু অ্যাভারেজ হয় তাই এটাই স্বাভাবিক যে তারা একটা অ্যাভারেজ দল গঠন করবে। আপনি কখনই অ্যাভারেজ মানুষদের কাছ থেকে অসাধারণ কিছু আশা করতে পারবেন না। আপনার প্রত্যাশা করাটাই ভুল।”

ব্যাপারটি পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের কান পর্যন্ত পৌছেছে। এর প্রেক্ষিতে তিনি শোয়েব আখতারকে বেশ কড়া জবাবই দিয়েছেন এবং দলের খারাপ সময়ে পাশে দাড়িয়েছেন খেলোয়াড়দের।

শোয়েবকে দেয়া জবাবে এক সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, “আমি মনে করি তিনি (শোয়েব আখতার) এমনটি ভাবেন না যে সমস্ত খেলোয়াড়ই তাদের ১০০ শতাংশ দিয়ে খেলছেন। আপনারা (সাংবাদিক) তাকে জিজ্ঞাসা করুন যে, এই দলে তারকা কে এবং কে তারকা নয়। আমি এই বিষয়ে তর্ক বা মতামত দিতে চাচ্ছি না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »