নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান ইংল্যান্ডে দলে আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে মাত্র ৩ জন ক্রিকেটারের। যে কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনেকের ধারণা করেছিল সহজ ভাবেই সিরিজ জিতবে পাকিস্তান। কিন্তু সিরিজ শেষে দেখা গেছে ভিন্ন চিত্র। উল্টো ইংল্যান্ডের ‘সি’ দলের কাছেই হোয়াইটওয়াশ হয়েছে বাবর আজমের দল।
প্রথম দুই ম্যাচে পাকিস্তান সহজেই হেরে যায়। তৃতীয় ম্যাচে গতকাল মঙ্গলবার ৩৩২ রানের বড় স্কোর গড়ে অন্তত একটা জয়ের আশা তারা জাগায়। কিন্তু সেটাও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
দলের এমন হারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তানের বোর্ডকে। তার মতে, বোর্ডের কারণেই সংশ্লিষ্ট সব জায়গায় এত দুর্বলতা।
শোয়েব বলেন,”লজ্জাজনক পারফরম্যান্স এটি। আমাদের বোর্ড গড়পড়তা। তারা গড়পড়তা লোকদেরই নিয়ে আসে। ম্যানেজমেন্ট তো অবশ্যই গড়পড়তা। কাজেই তারা গড়পড়তা দলই গড়বে। গড়পড়তা লোকজনের কাছ থেকে অসাধারণ কিছু আশা করা যায় না। তাদের কাছে প্রত্যাশা করাই ভুল। এই ইংল্যান্ড দল কেন আমাদের চেয়ে এত ভালো করছে? কারণ আমাদের মানসিকতা হলো, দুটি উইকেট পড়লে ধীরেসুস্থে ব্যাট করে জুটি গড়া ও পরে দেশ ১০ ওভারে আগ্রাসী খেলা। এটা তো সত্তুরের দশকের ক্রিকেট। ইংল্যান্ডের মানসিকতা হলো, ৪০ ওভারে অলআউট হলেও ৩০০ করবে। ইংল্যান্ডের প্রতিটি ব্যাটসম্যান উইকেটে গিয়েই রান তোলে। তার মানে এই নয় যে তারা স্লগ করছে। মেথডিকাল হিটিং করে তারা, এক-দুই নিয়ে রান বাড়ায়। আমরা সত্তুরের দর্শকের ক্রিকেট খেলছি কারণ আমাদের মানসিকতা এরকমই। আমরা উন্নতি করতে চাই না।”
