বাংলাদেশের উন্নতির জন্য চার সিনিয়রকে এগিয়ে রাখলেন মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলকে ওয়ানডে ফরম্যাটে অন্যান্য দলের চেয়ে এগিয়েই দেখছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের এই উন্নতির পিছনে অবদান হিসেবে তিনি চার সিনিয়র ক্রিকেটারের নাম নিয়েছেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে এই সাফল্যের ক্রেডিট দিয়েছেন মোসাদ্দেক।

এই চার সিনিয়রের অভিজ্ঞতা আর ধারাবাহিকতাই বাংলাদেশ দলকে ওয়ানডেতে অনেক উপরে নিয়েছেন বলে মনে করেন মোসাদ্দেক। মাশরাফি মুর্তজার পর এই চার সিনিয়রকে দলের মূল ভরসা হিসেবে দেখেন তিনি। দেই সাথে তরুনদেরও বড় সুযোগ বলে মনে করেন এই অলরাউন্ডার।

ওয়ানডে সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ের হারারেতে প্রস্তুতিকালে মোসাদ্দেক বলেন, “আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন আর সাথে তরুণরা আছে, আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছি। অন্যান্য অনেক দলে হয়ত এটা নেই। এদিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান খুব ভালো।”

“আমাদের অপশন অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। দলের জন্য যা খুবই ভালো দিক।”

ওয়ানডে সিরিজ শুরুর আগে মোসাদ্দেক মনে করেন উইকেট এবং কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও টেস্টের মতো ওয়ানডেতেও জয় নিয়ে মাঠ ছাড়বে টাইগাররা। ব্যাটসম্যানরা উইকেটে সহায়তা পাবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “২০১৫ সালে ‘এ’ দলের সাথে জিম্বাবুয়ে সফরে এসেছিলাম। প্রায় ছয় বছর আগের মতই উইকেট কন্ডিশন আছে। টেস্ট ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। শুরুর এক ঘণ্টা ছাড়া বোলাররা খুব বেশি সহায়তা পাবে না। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হলেও ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »