নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রিয়াদ ভাইর জন্যই জিততে চেয়েছিলাম – সাদমান
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে হুট করেই তৃতীয় দিন এক উড়ন্ত খবর আসে মাহমুদউল্লাহ রিয়াদ সাদা পোশাকে অবসরে যাচ্ছেন এবং এটিই তার শেষ টেস্ট। এরপর মিডিয়া সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বিষয়টি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ দিনে রিয়াদকে গার্ড অব অনার দেয় সতীর্থ খেলোয়াড়েরা। জিম্বাবুয়েতে টেস্ট দলের সদস্যরাই সবার আগে জেনেছিলেন রিয়াদের এই সিদ্ধান্তের কথা। তারাও ঘুণাক্ষরেও টের পাননি- এমন কঠিন এক সিদ্ধান্ত নিতে চলেছেন রিয়াদ।
টেস্ট ক্রিকেটে রিয়াদকে আর বিবেচনা করা হবে না বলে বাদ দেওয়ার পর ১৬ মাস তিনি সাদা পোশাকে খেলেন নি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে আবার তাকে দলে ডাকাটা হয়তো আত্মসম্মানেই লেগেছে এই অলরাউন্ডারের। অভিমান করেই কিনা অবসর নিলেন এ নিয়েও বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা।
রিয়াদের শেষ টেস্টে নিজের অভিষেক শতক পাওয়া ওপেনার সাদমান ইসলাম বলেন, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। হঠাৎ শুনতে পারি রিয়াদ ভাইয়ের এটাই শেষ টেস্ট। অবশ্যই জানতাম না এটা উনার শেষ ম্যাচ। রিয়াদ ভাই হুট করে ড্রেসিংরুমে আমাদের জানিয়েছেন। এরপরই সবাই চিন্তা করেছি, রিয়াদ ভাইয়ের জন্য খেলব’।
‘এরপর পঞ্চম দিনের খেলার একটু আগে জানতে পারি উনি আর খেলবেন না। উনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল, উনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’
রিয়াদের এই সিদ্ধান্ত জানতে পেরে কি মন খারাপ হয়েছিল সতীর্থদের? সাদমানের কথায় সেই উত্তর, ‘তা তো অবশ্যই। উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন তাতে সবাই একটু মন খারাপ করেছিলাম, যে করেই হোক শেষ ম্যাচটা উনার জন্য খেলতে হবে। সবার ইচ্ছে ছিল শেষ মুহূর্তটা উনাকে উৎসর্গ করব। আমরা সেভাবেই করেছি।’
সব মিলিয়ে সাদা পোশাকে আর দেখা যাচ্ছেনা রিয়াদকে। যদিও অবসরের জন্য বিসিবির পক্ষ থেকে এখনো সবুজ সংকেত পাননি রিয়াদ। তবে শেষ দিনে গার্ড অব অনার নেওয়াই প্রমাণ করে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তকে বিভিন্ন মহলে সঠিক বলেও দাবি করছেন অনেকেই।
