প্রতিবন্ধিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স বানাবে সরকার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের সুবিধাবঞ্চিত, বিশেষ চাহিদাসম্পন্ন, প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। তাদের জন্য আন্তর্জাতিক মান সম্পন্ন ক্রীড়া কমপ্লেক্স বানাবে সরকার। বিষয়টি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান একটি ফাউন্ডেশন কতৃক আয়োজিত প্রতিবন্ধীদের নিয়ে ভার্চুয়াল দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে সাভারে প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হবে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স। যেখানে থাকবে ২টি বেসমেন্টসহ ১১ তলা একাডেমিক ভবন, ডরমেটরি, আবাসিক ভবন, জিমনেশিয়াম, সুইমিংপুল, মসজিদ, ফুটবল মাঠ, গ্যালারি ও ক্রিকেট মাঠ ।

এই ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হলে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তাদের সুস্থ বিনোদনের পথ তৈরি করা সম্ভব হবে। এছাড়াও আমরা জাতীয় সংসদ ভবনের পাশের খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করেছি।”

তিনি আরো বলেন, “সমাজের একজন সুস্থ ও স্বাভাবিক নাগরিকের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমঅধিকার ও সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। সেই সুযোগ দিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের পথ তৈরি করা গেলে তাদেরও সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ স্কুল, কারিগরি সেবা ও পুনর্বাসন ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশ।”

প্রতিবন্ধীদের অর্জনের কথা উল্লেখ করর তিনি আরো বলেন, গত ২৫ বছর স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ এ পর্যন্ত ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য এবং ৮৪টি ব্রোঞ্জ পদক জয় করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »