নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে টানাটানি লেগেছে। আলোচনায় এসেছে তার সাম্প্রতিক পারফরম্যান্স। শেষ দুই বছরে নেই কোনও শতক। এমতাবস্থায় কোহলিকে সুযোগ বুঝে কটাক্ষ-বানে ভাসিয়েছেন তারই সাবেক সতীর্থ সুরেশ রায়না।
খোঁচা দিয়েছেন তার আইপিএল শিরোপা জিততে না পারা নিয়ে। এক সাক্ষাতকারে রায়না বলেন, “আমি মনে করি তিনি বর্তমান ভারতের এক নম্বর অধিনায়ক। তার রেকর্ড প্রমাণ করে যে সে ব্যাক্তিগতভাবে অনেক কিছু অর্জন করেছেন। আমি মনে করি সে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানও।”
তবে অর্জনের কথা উল্লেখ করতে গিয়ে খোঁচা দিয়ে বলেন, “আপনি আইসিসি ট্রফির কথা বলছেন? সে তো এখনও আইপিএলও জিততে পারেননি। আমার মনে হয় তাকে কিছুটা সময় দেওয়া দরকার। এরপর একের পর এক ২-৩ টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে ৫০ ওভারের বিশ্বকাপ। ফাইনালে পৌঁছানো সহজ নয়।”
“ফাইনাল এর একটা উদাহরণ মাত্র। অনেকেই বলেছেন, কন্ডিশনের কারণে হেরেছে ভারত। তবে আমার মনে হয় ব্যাটিংয়ে কিছু ঘাটতি ছিল। বড় ব্যাটসম্যানদের পার্টনারশিপ দরকার ছিল এবং তাদের দায়িত্ব নিতে খেলতে হত। কিন্তু সেটি ঘটেনি, যোগ করেন রায়না।”
তবে খুব শীঘ্রই ভারত শিরপা জিতবেন বলে আশাবাদী রায়না, “দেখুন, আমরা চোকার্স নই, কারণ ইতিমধ্যে আমরা ১৯৮৩ বিশ্বকাপ জিতেছি, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপও জিতেছি। তবে আমি অনুভব করছি যে, আগামী ১২ থেকে ১৬ মাসে একটি আইসিসি ট্রফি ভারতে আসতে চলেছে।”
