নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামি ১৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় অবস্থান করছে ভারত দল। এদিকে করোনার হানায় লঙ্কানরা আইসোলেশনে থাকায় পূর্বনির্ধারিত সিরিজ কিছুটা পিছিয়ে নতুন সময়সূচি দেওয়া হয়েছে। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বিরাট কোহলির নেতৃত্বে প্রথম সারির ভারত দল অবস্থান করছে ইংল্যান্ডে।
শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের নিয়ে বেশ ভালো একটা দলই লঙ্কা সফরে পাঠিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এদিকে রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাডিকাল কিংবা চেতন সাকারিয়ারা অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে অভিষেকের। সেক্ষেত্রে ভারতের দুই সাবেক ক্রিকেটার ভিবিএস লক্ষণ এবং ইরফান পাঠান, ধাওয়ান এবং দ্রাবিড়কে একাদশ নির্বাচনের ক্ষেত্রে দিয়েছেন বেশ কয়েকটি পরামর্শ।
স্টার স্পোর্টসের অনুষ্ঠানে লক্ষণ বলেন, ‘এটি ২০ সদস্যের একটি স্বয়ংসম্পূর্ণ স্কোয়াড। কিন্তু ওপেনিংয়ের জন্য আমি বেছে নেব শিখর ধাওয়ান এবং পৃথ্বী শকে। ৩ নম্বর ব্যাটসম্যান হতে পারেন সূর্যকুমার যাদব। ওয়ানডের জন্য ৪ নম্বর পজিশনে খেলতে পারেন সাঞ্জু স্যামসন। ৫ নম্বরে খেলতে পারেন মনিষ পান্ডে।’
তিনি আরো বলেন, ‘৬ নম্বরের জন্য আমি বেছে নেব হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া ৭ নম্বরে। আমি দুজন পেস বোলার ভুবনেশ্বর কুমার এবং দিপক চাহারকে বেছে নেব এবং দুই স্পিনার হিসেবে থাকবেন কুলদ্বীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। এটিই আমার ওয়ানডের জন্য ভারতের সেরা একাদশ।’
ভিভিএস লক্ষ্মণের করা এই দলের এক পরিবর্তন করতে চান ইরফান পাঠান। হার্দিক পান্ডিয়া থাকায় দলে একজন বাড়তি ব্যাটসম্যান চান তিনি। বাকি দলের জন্য লক্ষ্মণের সাথে সহমত প্রকাশ করেন ইরফান।
একই অনুষ্ঠানে ইরফান বলেন, ‘এই দলে আমি একটি বদল চাই। যদি হার্দিক পান্ডিয়া বল করে আমি তাকে অলরাউন্ডার হিসেবে পেতে চাই। তাহলে আমি একজন বাড়তি ব্যাটসম্যানও নিতে পারব। ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে নিতিশ রানা। কারণ আমি হার্দিককে কয়েক ওভার বল করতে দেখতে চাই।’
