নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটদলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিতে চান। এ অবসরের সুর ভাসছে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দ্বিতীয় দিন থেকেই। সব গুঞ্জন সত্যি করেই ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ার থেকে নিজেকে সরিয়ে নিলেন জাতীয়দলের এই ক্রিকেটার। নিজের শেষ টেস্ট ম্যাচে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করে ম্যাচসেরা নির্বাচিত হয়ে হয়ে, জানালেন সবসময়ই তিনি দলের একজন হতে পছন্দ করেন।
সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম দিনের শুরুতে যখন সতীর্থরা রিয়াদকে গার্ড অব অনার প্রদান করেন, তখনই নিশ্চিত হয়ে যায় সাদা পোশাকের ক্যারিয়ারকে রিয়াদ আসলেই বিদায় বলছেন। নিজের শেষ ম্যাচে দলের বিপর্যয়ে দারুণ ব্যাটিংও করেছেন তিনি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘আমি সবসময়ই দলে থাকতে পছন্দ করি। আমরা ম্যাচ জিতেছি এবং আমার দলের সদস্যের মুখে হাসি দেখে খুবই ভালো লাগছে।’
প্রথম দিনে লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েছিলেন রিয়াদ। তারপরে তাসকিন আহমেদের সাথে গড়েছিলেন ১৯১ রানের জুটি। নিজে খেলেছেন ১৫০ রানের অপরাজিত এক দুর্দান্ত ইনিংস, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ের প্রশংসাও করেন রিয়াদ এবং তাসকিনের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছেন বলেও জানান তিনি।
রিয়াদের বলেছেন, ‘লিটন খুবই ভালো ব্যাটিং করেছে। তার ব্যাটিং করা দেখতেও ভালো লাগে। আমি আর তাসকিন ক্রিজে অনেক উপভোগ করে খেলেছি। অবশ্য সে এক সময়ে ধৈর্য হারিয়েছিল। ওই সময়ের চাপটা আমাদেরকে সামলাতেই হতো। আমি শুধু চেষ্টা করেছি আমার মূল কাজটা করে যাওয়ার এবং যখনই সুযোগ এসেছে রান বের করেছি।’
প্রসঙ্গত, রিয়াদের অপরাজিত ১৫০ রানের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪৬৮ রান। এছাড়া লিটন ৯৫ রান, তাসকিন ৭৫ রান ও মুমিনুল ৭০ রান করেন। মেহেদী হাসান মিরাজ ৫টি ও সাকিব আল হাসানের ৪টি উইকেট শিকারে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ২৭৬ রানে।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে সংগ্রহ করে ১ উইকেটে ২৮৪ রান। ৪৭৭ রানের জবাবে জিম্বাবুয়ে অলআউট হয় ২৫৬ রানে। তাসকিন ও মিরাজ ৪টি করে উইকেট নেন।
