নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তরুন খেলোয়াড় হিসেবে সাদমান-শান্তদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত অধিনায়ক মুমিনুল হক।
প্রথম ইনিংসে সাদমান ইসলাম, নাজমুল শান্তরা ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দু’জনেই তুলে নিয়েছে দুর্দান্ত সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে এসে ছিল তরুণদের জয়জয়কার। ওপেনিংয়ে সাইফ হাসান ৪৩ রান করে ফিরলেও সাদমান তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনে নামা শান্ত খেলেছিলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। সেই সাথে প্রথম ইনিংসে লিটন দাশ করেছেন ৯৫ রানের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ। সব মিলিয়ে দলের জয়ে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক।
তরুণদের এভাবে পারফর্ম করতে দেখে খুশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এ ছাড়া তিনি জানিয়েছেন, জয় পাওয়া সবসময়ই গর্বের। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘যখন আমরা জয় পাই তখন গর্ববোধ হয়। এটা ঘরের মাঠে হোক কিংবা বাইরে হোক। তরুণরা যখন দলের জন্য অবদান রাখে তখন দেখতে খুবই ভালো লাগে।’
প্রথম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের পেসারদের সামনে দাঁড়াতে না পারলেও পরের দিনই দেখা গেছে উলটা চিত্র। ফ্লাট পিচে উইকেট নিতে হিমসিম খেতে হচ্ছিলো টাইগার বোলারদের। তবু সেরাটা দিয়েছেন সাকিব, মিরাজ, তাসকিনরা।
মিরাজ ছাড়াও দুই ইনিংস মিলে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এমন উইকেটে বোালারদেন পারফরম্যান্সে খুশি মুমিনুল। তিনি বলেন, ‘এটি একেবারে ফ্ল্যাট উইকেট ছিল কিন্তু মেহেদি এই উইকেটেও ৯ উইকেট নিয়েছে। এটা দলগত একটা পারফরম্যান্স ছিল। সাকিবও কিছু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে।’
