নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে অনুষ্ঠিত হবে আটটি টুর্নামেন্ট। ইতিমধ্যে সেই তালিকা প্রকাশ করেছ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ৮ বছরে ছেলেদের দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে।
যার মধ্যে আইসিসির ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে দুটি ওয়ানডে বিশ্বকাপও রয়েছে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির সভাপতি এহসান মানি।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় তাঁরা।এদিকে এককভাবে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হতে মরিয়া পাকিস্তান।
এ প্রসঙ্গে মানি বলেন,’‘আমরা আইসিসির সামনে দরপত্র দিয়েছি এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে সমঝোতা (যৌথ আয়োজক হতে) গঠনের প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে আমরা সংযুক্ত আরব আমিরাত বোর্ডের সঙ্গে সমঝোতা করতে চাই (টি-টোয়েন্টি বিশ্বকাপ)।”
