নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেয় তরুন ওপেনার সাদমান ইসলাম। অপরপ্রান্তে তারই সতীর্থ নাজমুল হোসেইন শান্তও সেঞ্চুরির দেখা পান। তাদের দক্ষতায় জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় টাইগাররা। সেই সাথে জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ।
পঞ্চম দিনে দ্রুতই জিম্বাবুয়েকে অলআউট করে ম্যাচ জিতে নিবে এমনটাই আসা সাদমানের। এক ভিডিও বার্তায় সাদমান বলেন, ‘আশা করি আমরা যে সংগ্রহ দাঁড় করেছি ইনশাআল্লাহ খুব ভালো অবস্থায় আছি। আগামীকাল এরকম আঁটসাঁট বোলিং করলে দ্রুত ম্যাচ জিতবো ইনশাআল্লাহ।’
ইঞ্জুরি থেকে ফিরে ভালো একটা ইনিংস খেলে বাবা-মাকে সেই সেঞ্চুরি উৎসর্গ করেন এই তরুন ওপেনার। দলের পক্ষে বড় অবদান রাখতে পেরে বেশ খুশি এই বাঁ-হাতি ওপেনার।
সাদমান বলেন, ‘কাল এক ঘণ্টা ব্যাট করে অপরাজিত ছিলাম। তবে আজ সকালে পরিকল্পনা করি বল বাই বল ব্যাটিং করার। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আজকে সেঞ্চুরির দেখা পেলাম। ভালো লাগছে, দলেরও উপকার হয়েছে, বড় সংগ্রহ এনে দিতে পেরেছি। এই শতকের জন্য আমার সতীর্থ ও কোচদের অনেক সমর্থন ছিল। এই শতক আমার আব্বু-আম্মুকে উৎসর্গ করছি।’
সবশেষ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হাফ সেঞ্চুরি তুুলে নিলেও ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হয়নি সাদমানের।
