নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে -বাংলাদেশের মধ্যকার চলমান টেস্টে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে শাস্তি দিয়েছে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। শাস্তি হিসেবে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের সাথে।
ঘটনার সুত্রপাত বাংলাদেশের ব্যাটিং এর সময়। ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের ইনিংসের ৮৫তম ওভারে ব্যাটিং করছিলেন তাসকিন আহমেদ। অপরপ্রান্তে বল করছিলেন ব্লেসিং মুজারাবানি। ওভারের চতুর্থ বল মোকাবেলা করতে বেগ পেতে হয় তাসকিনকে। তবুও নিজেকে চাঙ্গা রেখে নাচের ভঙ্গি করে পরের বলের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এ সময় বোলার মুজারাবানি তাসকিনের দিকে তেড়ে যান। দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়, মুজারাবানি মাথা ঠেকান তাসকিনের হেলমেটে। মাঠের আম্পায়াররা বিষয়টি হ্যান্ডেল করেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে এ ঘটনায় দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমান ও লাংটন রাসেরে, তৃতীয় আম্পায়ার আইনো চাবি এবং চতুর্থ আম্পায়ার ফরস্টার মুতিজোয়া। তাদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাসকিন ও মুজারাবানিকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার করেন। একইসাথে দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিবাদে জড়িয়ে দুই ক্রিকেটার খেলোয়াড় জন্য প্রণীত আইসিসি কোড অব কন্ডাক্টের ২.১.১২ নম্বর ধারা ভঙ্গ করেছেন, যা প্রথম পর্যায়ের অপরাধ। এই ধারা ভঙ্গ করলে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্টের বিধান রয়েছে।
আগামি ২ বছরের (২৪ মাস) ব্যবধানে কোনো ক্রিকেটার চার বা ততোধিক ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্ট পেয়ে নিষেধাজ্ঞা পেতে পারেন। একটি করে ডিমেরিট পয়েন্ট পাওয়া তাসকিন ও মুজারাবানির অবশ্য আগে কখনও ডিমেরিট পয়েন্ট পাওয়া হয়নি।
নিউজক্রিকেট /রাসেল।
