নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কারণে পিছিয়ে গেলো ভারতের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কার ডাটা অ্যানালিস্ট জিটি নিরোশান করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সকল শ্রীলঙ্কান ক্রিকেটারই আইসোলেশনে অবস্থান করছেন। নিয়মিত করোনা টেস্টের পরেই সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত হবে। যদিও শুক্রবার থেকে তাদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা ছিল। পিসিআর টেস্টের জন্য যথা সময়ে তারা সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারছে না।
তবে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে সিরিজের সূচি চারদিন পিছিয়ে যেতে পারে। ১৩ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও সিরিজটি শুরু হবে ১৭ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ জুলাই।
এদিকে শুধু যে জিটি নিরোশান আক্রান্ত হয়েছে এমন নয়। লঙ্কান ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ারের শরীরে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তাই দুইজনই আছেন নিবির পর্যবেক্ষণে। এদিকে এমন অবস্থায় সিরিজ নিয়ে শংকা দেখা দিলেও একটু দেরিতে হলেও সিরিজ শুরু হবে বলে শ্রীলঙ্কা ক্রিকেট।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ জুলাই। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি শুরু হবে যথাক্রমে ২৫ ও ২৭ জুলাই। নতুন এই সূচি ইতোমধ্যে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমতি মিললেই নতুন সূচি প্রকাশ করা হবে। দু’টি গ্রুপে ভাগ হয়ে আপাতত আলাদা আলাদা রাখা হয়েছে লংকান ক্রিকেটারদের।
