নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন ধরেই কনুইয়ের চোটে ভুগছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রয়োজনে অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবেন স্মিথ। তবে বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইনেরও চাওয়া, তড়িঘড়ি করে ক্রিকেটে না ফিরে দীর্ঘমেয়াদে ক্যারিয়ারের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন স্মিথ।
স্থগিত হওয়া আইপিএল খেলার পর সংবাদমাধ্যমে খবর আসে, কনুইয়ের চোট নিয়েই আইপিএলে খেলেছেন তিনি, যা চোটকে আরো ক্ষতিগ্রস্ত করেছে।
অস্ট্রেলিয়া দলের তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ সদস্য স্মিথ। তাই দলের সেরা ব্যাটসম্যানের শতভাগ সুস্থতা কামনা করছেন পেইন। নিজেকে ফিরে পেতে স্মিথ যদি বিশ্বকাপ নাও খেলেন তাতেও কোন সমস্যা দেখছেন না অজি অধিনায়ক।
পেইন বলেন,”আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সে খেলার জন্য শতভাগ প্রস্তুত কিনা, সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক আর অ্যাশেজই হোক। স্বার্থপরভাবে চিন্তা করলে, আমি তাকে ১০০ ভাগ ফিট দেখতে চাই আর সেটার জন্য যদি সে টুর্নামেন্টে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) না খেলতে পারে, তাহলে সে খেলবে না। কিন্তু স্মিথ পেশাদার, সে জানে শারীরিকভাবে সে কেমন বোধ করছে এবং সে যদি সুস্থ বোধ না করে তাহলে সে সঠিক সিদ্ধান্তই নিবে। এখন এটা গুরুত্বপূর্ণ যে সেরে উঠতে তার কত সময় লাগে, সেটা শুধু অ্যাশেজের জন্য নয়, আগামী পাঁচ-ছয় বছরের ক্যারিয়ার লম্বা করার জন্যও।”
