মুশফিকের আত্মবিশ্বাস তবে অনিশ্চিত তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল মাত্র কয়েকদিন আগে শেষ হয় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই লিগে ইনজুরির কবলে পড়েন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মূলত, ইনজুরির কারণেই ডিপিএলের এবারের আসরের সুপার লিগে খেলা হয়নি তামিমের। এদিকে সুপার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নামলেও মৌসুম শেষ করার আগেই ছিটকে যেতে হয় মুশফিকুর রহিম কে।

জিম্বাবুয়ে সফরের কথা বিবেচনা করেই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও এখন পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি তামিম ইকবালকে নিয়ে। তবে টেস্ট খেলতে মুশফিক বেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী যে, সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। সবকিছু ঠিক পথেই আছে। তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তামিম এখনও শতভাগ নিশ্চিত না। তাকে নিয়ে সংশয় আছে। অদূর ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার ধারণা।’

ডিপিএলের এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তামিম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলার সময় ডান হাঁটুতে চোট পান বাঁহাতি এই ওপেনার। এরপর তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিল চিকিৎসকরা।

এদিকে সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলার সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরবর্তীতে বিশ্রাম নেয়ায় খানিকটা দ্রুতই সেরে উঠেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিম্বাবুয়ে সফরে শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট খেলবেন মুশফিক। কারণ টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »