পেসাররা টেস্ট জেতাবে, বেশি দূরে নয় সেদিন – ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভবিষ্যতে টেস্ট ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেবেন পেসাররা ঠিক এমনটাই মনে করেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে পেস বান্ধব কন্ডিশনে টেস্ট লড়াই শুরুর দুই দিন আগে এমন বক্তব্যই পেশ করেন তিনি।

জিম্বাবুয়ের মত কন্ডিশনে পেসাররাই বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। বর্তমান বাংলাদেশ দলে যেসব পেসাররা টেস্ট খেলে কিংবা তাঁদের যে অভিজ্ঞতা রয়েছে এত বেশি অভিজ্ঞতা পেসারদের না হলেও ডমিঙ্গো পেস ইউনিট নিয়ে বেশ আশাবাদী।

তিনি বলেন,”আমি সবসময় যেমনটা বলে এসেছি, পেসারদের উন্নতি নিয়ে আমি আসলে খুবই খুশি। তারা খুবই কঠোর পরিশ্রম করেছে। কিছুটা সাফল্য তাদের প্রাপ্য। ফলাফল সবসময় তাদের পক্ষে আসেনি। তবে তারা পেস বোলিং কোচ ওটিস গিবসনের সাথে দারুণ কাজ করছে।’’

অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও পেসারদের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই ডমিঙ্গোর। এ বিষয়ে ডমিঙ্গো বলেন,”তারা পরিশ্রম করতে পিছপা হয় না। টেস্ট ম্যাচের সংখ্যার দিক দিয়ে তারা অনভিজ্ঞ হতে পারে, তবে তারা কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় গত ১৮ মাসে তাদের ব্যাপক উন্নতি হয়েছে।। আমার মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়, যখন একজন ফাস্ট বোলার আমাদের টেস্ট ম্যাচ জেতাবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »