নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন পর নানা বিতর্কের অবসান পেছনে ফেলে এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরতে মুখিয়ে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম দেখানো সাকিবকে ভাল আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দেশের ক্রিকেটে প্রায়ই এমনটা শোনা যায় যে, সাকিব টেস্ট খেলতে চান বা টেস্টে তার আগ্রহ নেই।আইপিএলের জন্য শ্রীলঙ্কায় দুই টেস্টের সফর থেকে নাম প্রত্যাহার করে সেই বিতর্ককে উতরে দিয়েছিলেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আছেন তিন ফরম্যাটেই। আর তাতে যেন সাকিবের টেস্টে নিয়ে কথিত বিতর্ক অনেকটাই মিলিয়ে গেছে।
দেশ সেরা ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত প্রধান কোচ ডমিঙ্গো। সাকিব খেলার জন্য মুখিয়ে আছেন বলেও জানান তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব ছন্দে না থাকলেও তার উপস্থিতি চাঙ্গা করেছে জাতীয় দলকে।
ডমিঙ্গো বলেন, ‘সাকিব আবারও টেস্ট খেলতে ক্ষুধার্ত হয়ে আছে। বড় খেলোয়াড়দের জন্য এটা (টেস্ট) গুরুত্বপূর্ণ। তাদের এই মনোভাবটা থাকা উচিৎ। তাকে দলে ফিরে পাওয়াটা দারুণ। দলের ভারসাম্য বেড়ে যায়। টপ সিক্সে ব্যাটিং করে, ফ্রন্টলাইন বোলারও। আন্তর্জাতিক প্রতিটি দলই এমন খেলোয়াড় পেতে মুখিয়ে থাকে। সে এই সফরে এনার্জি ও অ্যাটিচিউড বয়ে এনেছে।’
সাকিব ছাড়াও বাকি তিন সিনিয়র ক্রিকেটার আছেন টেস্ট স্কোয়াডে। যদিও, মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘদিন ধরে টেস্ট দলের বাহিরে, চোটের শিকার হয়ে তামিম ইকবাল রয়েছেন টানাপোড়ানের মধ্যে। চোট পাওয়া আরেক সিনিয়র ক্রিকেট মুশফিকুর রহিমকে নিয়ে অবশ্য তেমন শঙ্কা নেই।
ডমিঙ্গো বলেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। সবকিছু ঠিক পথেই আছে। তার খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তামিম এখনও শতভাগ নিশ্চিত নয়। তাকে নিয়ে সংশয় আছে।’
