নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার পৃথ্বী শ। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলে আছেন এই ওপেনার। আর শ্রীলঙ্কা সফরে ভারতের প্রধান কোচের ভূমিকায় আছেন রাহুল দ্রাবিড়। দীর্ঘদিন পর তাঁকে পেয়ে দারুণ আনন্দিত পৃথ্বী।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দ্রাবিড়ের অধীনেই জিতেছেন পৃথ্বী। ভারতের সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। দ্রাবিড়ের ক্রিকেট জ্ঞান অসাধারণ। সেটাই এবার ভাগ করে নেয়ার সুযোগ পেয়ে খুশি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেন,”রাহুল স্যরের অধীনে খেলার একটা আলাদা মজা রয়েছে। উনি আমাদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। যে ভাবে কথা বলেন, নিজের কোচিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন, তা অসাধারণ। যখনই ক্রিকেটের ব্যাপারে কথা বলেন, তখনই বোঝা যায় কতটা অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রিকেটের ব্যাপারে সব জানেন। পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্রিকেট খেলার যে পরামর্শ উনি দেন, তা অবিশ্বাস্য।”
দ্রাবিড় কোচ থাকলে ড্রেসিং রুমেও নিয়ম নিষ্ঠা কঠোরভাবে পালন করতে হয়। এতে করে দলের ক্রিকেটারদের মধ্যেও সম্পর্ক বৃদ্ধি হয়। দ্রাবিড়ের অভিজ্ঞতা আসন্ন সিরিজে কাজে লাগবে বলে বিশ্বাস পৃথ্বীর।
তিনি বলেন,”রাহুল স্যর আছে মানেই ড্রেসিংরুমে প্রচণ্ড শৃঙ্খলা থাকবে। রাহুল স্যরের সঙ্গে আড্ডা দিতে মুখিয়ে রয়েছি। কারণ, তাঁর সঙ্গে কথা বললে অনেক কিছু জানা যায়।”
