সাকিবের পরামর্শেই সফল মিরাজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দলে যখন সাকিব থাকেন না তখন তার জায়গাই বাংলাদেশের স্পিন বিভাগের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। আর সাকিব দলে থাকলে তিনিই থাকেন সেই দায়িত্বে। সেক্ষেত্রে মিরাজ বরং খুশিই হন, কারণ মাঠের মধ্যে থেকেই পান এই সিনিয়রের পরামর্শ।

সর্বশেষ জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সাকিব ও মিরাজ দুইজনই ছিলেন বল হাতে উজ্জ্বল। তিনটি করে উইকেট শিকার করেছেন মিরাজ এবং সাকিব।

মিরাজ জানিয়েছেন, সাকিব দলে থাকলে স্পিনারদের কাজ সহজ হয়ে যায়। আর মিরাজের ৩ উইকেট শিকারের সাফল্যও সাকিবের পরামর্শে।

তিনি বলেন,’‘সাকিব ভাই দলে থাকলে আমরা স্পিনাররা বাড়তি সুবিধা পাই। সাকিব ভাই থাকলে খেলা ভিতরে অনেক টিপস দেয় এবং কোন কন্ডিশনে কীভাবে কী করলে ভালো হবে তা বলতে থাকে। আজকেও বলেছে কীভাবে, কোন গতিতে বল করলে ভালো হবে। ইনস্ট্যান্ট অনেক কিছু বলে দেয়, সেভাবে কাজ করার চেষ্টা করি, সফলই হয়েছি। সাকিব ভাই অনেক দিন পর দলে এসেছে, টেস্ট খেলবে- এটা দলের জন্য বাড়তি পাওয়া। বিশেষ করে স্পিনারদের জন্য ও আমার জন্য।’’

জিম্বাবুয়ের উইকেটে স্পিনাররা সুবিধা পান কম, এখানে ছড়ি ঘোরান পেসাররাই। তবে প্রস্তুতি ম্যাচে স্পিনাররা ভালো করায় বেড়েছে আত্মবিশ্বাস।

মিরাজ বলেন,”স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই ভালো শুরু করেছে। আমি সমর্থন দিয়ে গিয়েছি, ভালো লেগেছে। স্পিনাররা উইকেট পেয়েছি এটা দলের জন্য অ্যাডভান্টেজ। স্পিনাররা উইকেট পেলে ও রান আটকালে দলের অনেক উপকার হয়।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »