টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট থাকবে স্পিন সহায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা মহামারী তে বেশ বিপাকেই ভারত। অনেক সংক্রামক আর প্রতিদিন বিপুল সংখ্যক মৃত্যুতে কোণঠাসা দেশটি। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাত ও ওমানে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একটিও পূর্নাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম না থাকলেও বিশ্বকাপকে ঘিরে নতুন করে সবকিছু সাজাচ্ছে ওমান ক্রিকেট বোর্ড।

ওমান ক্রিকেটের সেক্রেটারি মাধু জেসরানি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে বলেন, “আমাদের কোনো স্টেডিয়াম নেই, দুইটি মাঠ রয়েছে। একটি মাঠে দুইটি ড্রেসিংরুম রয়েছে, অপরটিতে এখনও নির্মাণ কাজ চলছে। এছাড়া দুইটি মাঠের ফ্লাডলাইট তেমন ভালো মানের নয়। লাইটিংয়ে আমাদের উন্নতির ব্যবস্থা নিতে হবে।”

“এছাড়া স্কোরবোর্ডও বেশ ছোট। সেটিও বদলাতে হবে। এবং সেখানে লাইভ টিভি স্ক্রিনও যুক্ত থাকবে। আমাদের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে আগামী সপ্তাহে বিসিসিআই ও আইসিসির প্রতিনিধি দল এখানে আসবে।”

আগামি ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল পর্বের সব খেলা আরব আমিরাতে হলেও বাছাই পর্ব হবে ওমানে। সূচি নির্ধারণ না হলেও ধারণা করা হচ্ছে প্রথম পর্বের ম্যাচগুলো ওমানে এবং বাকি মূল পর্বের খেলা আরব আমিরাতে হবে।

ওমানের ঐ দুই মাঠের উইকেট স্পিনবান্ধব হবে বলে জানিয়েছেন ওমান ক্রিকেটের সেক্রেটারি। মাধু জেসরানি বলেন, “এখানকার উইকেট উপমহাদেশের উইকেটের মতোই হবে। বলতে পারেন, উইকেট অবশ্যই স্পিনারদের সহায়তা করবে।”

আরব আমিরাতে এমনিতেই সাধারণ বোলিং সহায়ক উইকেট থাকে। এরপর ওমানের পূর্ণাঙ্গ স্টেডিয়াম নেই! সব মিলিয়ে ওমান ক্রিকেট বোর্ড নিজেদের ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে এই আয়োজনকে বেশ ইতিবাচক ভাবেই নিচ্ছে। জেসরানি জানান, “ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। এখানকার স্কুল-কলেজগুলোতে ফুটবলের পরেই ক্রিকেট এখন দ্বিতীয় জনপ্রিয় খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং ওমানের অংশগ্রহন এখানকার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »