একই ম্যাচে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের দুই নারী ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান নারী দলের দ্বিতীয় টি টোয়েন্টি চলাকালীন সময়ে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই নারী ক্রিকেটার। তাঁরা দুজন হলেন চেনিলে হেনরি ও চেডিয়ান নেশন। হসপিটালে ভর্তি করা হলেও দুজনই এখন সুস্থ রয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এক বিবৃতিতে সিডব্লিউআই জানায়, ‘চেনিলে হেনরি ও চেডিয়ান নেশনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। হেনরি ও নেশন উভয়ই সচেতন ও স্থিতিশীল রয়েছে। তাদের দুজনকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় হঠাৎই মাঠে পড়েন হেনরি। তখন ইনিংসে চতুর্থ ওভার চলছে। তারপর ডাক্তার এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তার কিছুখন পর অসুস্থতা অনুভব করেন চেডিয়ান নেশনও। এমন অবস্থায় মাঠ ছাড়ার পর তাঁকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আগে ব্যাট করতে নেমে ১২৫ রান সংগ্রহ করেছিল ক্যারিবীয়রা। পরবর্তীতে বৃষ্টির কারণে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১১১ রান।

শেষ ১২ বলে ২৩ রান তুলতে না পারায় ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারী পাকিস্তানকে। এদিকে ৭ রানের জয় নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »