নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ জিম্বাবুয়ের তাকাসিনহা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারী বাংলাদেশের। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হলেও এই ম্যাচে খেলবেন না বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে তামিম-সাকিবরা। টেস্টের আগে তাকে নিয়ে ঝুঁকি না নিতেই তামিমকে প্রস্তুতি ম্যাচে খেলানো হবে না বলে সিদ্ধান্ত নেন টিম ম্যানেজমেন্ট। তামিমের ফিটনেসের ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত না হলেও টেস্টে দেখা যাবে তামিমকে।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সময় তামিম চোট পান ডান পায়ের হাঁটুতে। এই চোটের কারণে ডিপিএলের সুপার লিগ থেকে নিজেকে সরিয়ে নেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই তারকা। এরপর বেশ কয়েকদিন ছিলেন বিশ্রামে।
১৭ই জুন খেলাঘরের বিপক্ষে পুরোনো চোটে আবারো ব্যাথা পেলে ২০ তারিখ থেকে ডিপিএলের বাকি অংশে আর খেলতে পারেননি তামিম। চোট পুরোপুরি সেরে উঠলেও সম্পূর্ণ ফিট আছেন কিনা সেটাই এখন মূল বিষয়। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দেখা যাবে তাকে।
এদিকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭ জুলাই হারারেতে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট।
