নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মোট ২০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে তালিকাবদ্ধ করে নতুন চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামি এক বছরের জন্য ঘোষিত এই তালিকায় দুর্দান্ত পারফরম্যান্স করা মোহাম্মদ রিজওয়ানের উন্নতি হলেও অবনতি হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। সেই সাথে একবছর পর চুক্তিতে ঢুকলেন হাসান আলি।
পেসার হাসান আলি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান পদোন্নতি পেয়ে উঠে এসেছেন ‘এ’ ক্যাটাগরিতে। ‘এ’, ‘বি’ ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে তালিকায় যুক্ত করা হয়েছে তিন ইমার্জিং ক্রিকেটারকে। তাদের বেতনও বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। তবে তিন ফরম্যাটেই সকল ক্রিকেটারদের ম্যাচ ফি থাকবে সমান।
গত এক বছর পাকিস্তানের জার্সিতে যারা ভালো পারফরম্যান্স দেখাতে পেরেছে তাদের প্রায় সবারই তালিকায় উন্নতি হয়েছে। সেই সাথে যারা ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তাদের নাম তালিকায় জায়গা পায়নি। তবে ইমার্জিং ক্রিকেটাররা পরবর্তীতে ভালো করলে জায়গা পাবেন মূল ক্যাটাগরিতে।
১২ মাসের চুক্তি শুরু হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে, শেষ হবে ৩০ জুন, ২০২২।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারাঃ
ক্যাটাগরি ‘এ’-
বাবর আজম, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি ‘বি’-
আজহার আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান ও ইয়াসির শাহ।
ক্যাটাগরি ‘সি’-
আবিদ আলি, ইমাম উল হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নওমান আলি ও সরফরাজ আহমেদ।
ইমার্জিং ক্যাটাগরি-
ইমরান বাট, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।
নাম নেই আসাদ শফিক, হায়দার আলি, হাসির সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ ও উসমান খান শিনওয়ারিদের। যদিও তারা বিবেচনায় আছেন নির্বাচকদের।
