নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ হারায় কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল জাস্টিন ল্যাঙ্গারকে। সঙ্গে যোগ ছিল ক্রিকেটারদের সঙ্গে তাঁর ‘হেডমাস্টার’ এর মতো আচরণও। তবে সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচের এমন আচরণে দলের মাঝে খানিকটা অস্বস্তি দেখা যাচ্ছিলো বলেও অভিযোগ উঠেছিল।
যদিও এমন সমালোচনা শুনতে হলেও এই কঠিন সময়ে অ্যারন ফিঞ্চদের পাশে পাচ্ছেন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক ফিঞ্চ জানিয়েছেন, তাঁরা ল্যাঙ্গারের পাশে রয়েছেন। সঙ্গে ল্যাঙ্গারের সাফল্যের কথা ও জানিয়েছেন এই অজি অধিনায়ক। ফিঞ্চ জানিয়েছেন গেল কয়েক বছর ধরে ল্যাঙ্গার যেভাবে কোচিং করাচ্ছেন তাতে খুশি।
এ প্রসঙ্গে তিনি বলেন,’‘আমরা শতভাগ তার পাশে রয়েছি। গেল কয়েক বছর ধরে সে যেভাবে কোচিং করাচ্ছে সেটা দুর্দান্ত। আমি মনে করি আমরা বেশ কিছু ভালো সাফল্য পেয়েছি। সন্দেহ নেই যে, যখন অসন্তোষজনক বিষয়গুলো সামনে এসেছিল সেটা তার জন্য একেবারে সহজ ছিল না। তবে আমরা আমাদের দিক থেকে সবসময়ই ইতিবাচক ছিলাম।’’
