নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক এর আগেও জিম্বাবুয়ে সফর করেছেন, তবে সেটা ছিল খেলোয়াড় ভূমিকায়। জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার পর এটাই তার আফ্রিকান দেশের প্রথম সফর। সেখানকার পেস নির্ভর কন্ডিশনে লড়াই শুরুর আগে বাংলাদেশের স্পিনারদের দিয়েছেন অভয়।
জিম্বাবুয়ে সফর দিয়েই বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে দলের সঙ্গে যাত্রা শুরু করেছেন শ্রীলঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। প্রয়োজনে তার সাথে স্পিনারদের পরামর্শ দিয়ে পাশে থাকবেন রাজ্জাকও। হারারেতে দলের প্রথম দিনের অনুশীলন চলাকালে এমনটিই জানিয়েছেন রাজ্জাক।
এ বিষয়ে তিনি বলেন, ‘দ্বিধাহীনভাবে এখানে পেসাররা ডমিনেট করবে। বাংলাদেশে বা উপমহাদেশে খেলা হলে যেভাবে স্পিনাররা ডমিনেট করে, এখানে তেমনি করে পেসাররা। তবে স্পিনারদের ভালো দায়িত্ব পালন করতে হয়। কিছু ক্ষেত্রে রান আটকে রাখা, কিছু ক্ষেত্রে ব্রেক থ্রু এনে দেওয়া। এখানে স্পিন হয় না বা হবে না এমন চিন্তা করা ভালো কিছু নয়।’
বোলিংয়ে বাংলাদেশের মূল শক্তির জায়গা হচ্ছে স্পিন। পেস বান্ধব কন্ডিশনের ক্ষেত্রে তাই একটু দুশ্চিন্তার সরব হওয়াই স্বাভাবিক। তবে স্পিনারদের অভয় দিতে রাজ্জাকের চাওয়া, স্পিনবান্ধব পরিবেশ না থাকার বিষয়টি নিয়ে আলোচনা হোক কম।
তিনি বলেন, ‘এটা নিয়ে এত বেশি কথা না বলাই ভালো। আমি চাই না খেলোয়াড়দের মনে এটা ঢুকে যাক যে জিম্বাবুয়ে স্পিন নির্ভর না। আর হেরাথ এসেছে, ও তো অনেক অভিজ্ঞ, একইসাথে বড় তারকা ছিল। ওর কাছ থেকে অনেক অভিজ্ঞতা বোলাররা নিতে পারবে। হেরাথ তো আছেই, এরপরও প্রয়োজন হলে আমি তাদের পাশে আছি।’
