নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ হিসাবে উদ্যোগ প্রকাশ করেছে আগ্রহ প্রকাশ পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও আগামী এফটিপি চক্রে ছয়টি বৈশ্বিক আসর আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির নতুন এফটিপিতে চ্যাম্পিয়ন ট্রফি সহ আছে বেশ কয়েকটি আসর। আইসিসির জমজমাট আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরটি বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি। নতুন এফটিপি প্রকাশের পরপরই এই সিদ্ধান্ত জানিয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবি কর্তারা।
তবে এর কয়েকদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আগ্রহ প্রকাশ করে ভারতের বোর্ড বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির তুমুল জনপ্রিয়তার ফলে আগামী ২০২৫ সালে এই টুর্নামেন্টের আয়োজক হতে চায় আগ্রহী ভারত। এবার আগ্রহ প্রকাশ করেছে এহসান মানির নেতৃত্বাধীন বোর্ড পিসিবিও। তারা অবশ্য দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার জন্যই বিড করবে।
পিসিবি তাদের সর্বশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছে, সংস্থাটির পক্ষ থেকে ২০২৫ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার চেষ্টা করা হবে।
পাকিস্তান সর্বশেষ বৈশ্বিক আসর আয়োজন করেছে ১৯৯৬ সালে, যা ছিল ওয়ানডে বিশ্বকাপের ন্যায় বড় আসর। যদিও সেই বিশ্বকাপের সহ-আয়োজক ছিল ভারত। গত এক দশকে পাকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা খুবই কম। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পথ সুগম করতে বড় ভূমিকা রাখতে পারে কোনো বৈশ্বিক আসর।
প্রসঙ্গত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সেদিক থেকে পাকিস্তানের আকাঙ্ক্ষা একটু বেশিই। যদিও ভেন্যুর শর্ত পূরণ করা সম্ভব নয় বলে বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক হওয়ার চেষ্টা করবে না, তা আগেই জানিয়েছেন বিসিবি সভাপতি।
