নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের ক্যারিয়ারে স্পিন বল করে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের ঘাম ছুটিয়ে দিতেন মুত্তিয়া মুরালিধরন। ক্যারিয়ারে ৮০০ উইকেট নিয়ে রয়েছেন টেস্টে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারদের তালিকায় সবার ওপরে। এদিকে শেষ কয়েক বছরে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সঙ্গে পারফর্ম করে চলেছেন রশিদ খান। আইপিএলে রশিদ খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
আর দলটির স্পিন কোচের দায়িত্বে রয়েছেন মুরালিধরন। যে কারণে ২০১৭ সালে নেটে বোলিং করার সময় একবার রশিদকে উদ্দেশ্য করে মুরালিধরন বলেনছিলেন, আফগানিস্তানের এই স্পিনার নাকি তাঁর চেয়েও প্রতিভাবান। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন রশিদ নিজেই।
এ প্রসঙ্গে রশিদ বলেন,”আমার এখনও মনে আছে যে, আমি যখন নেটে বোলিং করছিলাম তখন মুরালি স্যার কাছে এসে আমাকে বলেছিল তুমি কখনই আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করবে না। কারণ শীর্ষ পর্যায়ে খেলার জন্য তোমার সবধরনের দক্ষতা ও প্রতিভা আছে। সে আমাকে এটাও বলেছিল যে আমি তার চেয়েও প্রতিভাবান।’’
ডানহাতি এই লেগ স্পিনার আরও বলেন,”শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হতে হবে। অনেক সময় সবকিছুই আপনার পক্ষে যাবে না। কিন্তু ওই সময় শক্ত থাকতে হবে। কঠিন সময় আপনাকে যতটা শিক্ষা দেবে অন্য কোন কিছু আপনাকে শেখাতে পারবে না। আমি পর্যায়ক্রমে শেখার চেষ্টা করছি।”
