নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ সম্প্রতি বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে তার নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশ দলের স্পিনারদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত লঙ্কান এই কিংবদন্তি। বাংলাদেশের মত শীর্ষস্থানীয় একটি ক্রিকেট খেলুড়ে দেশের চাকরি পেয়ে হেরাথের স্বপ্ন পূরণ হয়েছে।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এর সাথে আলাপকালে এমন অভিমতই ব্যক্ত করেছেন ৪৩ বছর বয়সী এই সাবেক স্পিনার।
হেরাথ বলেন,’‘বাংলাদেশ দলের সাথে কাজ করতে পারা অনেক মর্যাদা ও সম্মানের। কোচ হতে চাওয়া অন্য যেকোনো সাবেক খেলোয়াড়ের মতই, এটা আমার জন্য অনেকটা স্বপ্নপূরণ যে শীর্ষস্থানীয় একটি দেশের সাথে যুক্ত হলাম। তাই বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়ে আমি খুব সম্মানিত বোধ করছি।’’
উপমহাদেশের দেশগুলোর পরিবেশে অনেকটাই মিল আছে তার দেশের সাথে। উইকেটের দিক থেকেও মিল থাকায় হেরাথ বাংলাদেশের স্পিনারদের বুঝতে পারবেন সহজে।
তিনি বলেন,”আমার অবসর নেওয়ার তিন বছর হয়ে গেছে। আমি মনে করেছি এখন আমি স্পিনারদের সাথে আমার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি। কন্ডিশন, মানসিকতা ও সংস্কৃতির দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছাকাছি। বাংলাদেশকে বেছে নেওয়ার অন্যতম কারণই হল আমি এখানকার মানসিকতা, প্রস্তুতি, অনুশীলনের ইথিকস ও সবকিছু সম্পর্কে জানি। শ্রীলঙ্কার সাথে তুলনা করলে তা প্রায় একইরকম।”
