সাকিব দলে থাকলে প্রতিপক্ষও বাড়তি চাপে থাকবে- ববি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামীকাল ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে এ বহরে থাকছেন না সাকিব। আমেরিকা থেকেই দলের সঙ্গে যোগ এই অভিজ্ঞ ক্রিকেটার।

সাকিব কবে কখন যোগ দিবেন সেটির উত্তর দিয়েছেন জিম্বাবুয়ে সফরে টাইগারদের নতুন টিম লিডার এবং বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। গতকাল রবিবার মিডিয়ার মুখোমুখি হন বাংলাদেশ দলের এই নতুন টিম লিডার। তিনি আশা করছেন তিন ফরম্যাটেই খেলবেন সাকিব আল হাসান।

তিনি বলেন,”সাকিব জয়েন করছে। দলের সঙ্গে যোগ দেওয়ার পর আমরা আশা করছি হয়ত তিন ফরম্যাটেই খেলবেন। তাঁকে পেলে দলের বাকি ক্রিকেটাররাও বাড়তি সাহস পাবে এবং প্রতিপক্ষের জন্যও বাড়তি চাপ থাকবে। ও সরাসরি দক্ষিণ আফ্রিকা যাবে এবং পরবর্তীতে হারারেতে পৌঁছাবে। এই বিষয়টা ক্রিকেট অপারেশন্স কমিটিই দেখছে। আমরা যাচ্ছি কাতার হয়ে, পরবর্তীতে আরও দু-একজন যোগ দিবেন। ভ্রমণটা অনেক চ্যালেঞ্জিং, বিশেষ করে এই সময়টায়।”

দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের সাম্প্রতিক ফর্ম দেখে তাঁদেরকে হালকাভাবে নিতে নারাজ ববি। ঘরের মাঠে যে জিম্বাবুয়ে শক্তি প্রতিপক্ষ সেটি মনে করিয়ে দিলেন।

এ বিষয়ে তিনি বলেন,”জিম্বাবুয়ে যে সহজ দল তা কিন্তু নয়। ওরা যেহেতু ঘরের মাঠে খেলবে, বাড়তি সুবিধা পাবে। আমরা জিম্বাবুয়েতে যাচ্ছি আট বছর পর, এরমধ্যে আর যাওয়া হয়নি। তারা কিন্তু খারাপ দল না। হ্যাঁ, যখন ফ্লাওয়ার ব্রাদাররা খেলতেন তখন খুবই শক্তিশালী দল ছিল তারা। এখন হয়তো সময়টা ভালো যাচ্ছে না তার মানে এই না যে বর্তমানে ওরা দুর্বল দল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »