নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জনপ্রিয়তা দেখে সব ঘরোয়া টুর্নামেন্ট আগামীতে টিভির পর্দায় সম্প্রচারের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সরাসরি সম্প্রচারের কারণে এবারের আসর দর্শকের কাছে বাড়তি জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করছেন তিনি।
প্রথম পর্ব এবং রেলিগেশন লিগ সম্প্রচার করা হয়েছে ফেসবুক ও ইউটিউবে। পাপন জানিয়েছেন, কোনো টিভি চ্যানেল ঘরোয়া ক্রিকেট সম্প্রচারে আগ্রহী না হলে ক্রিকেট সম্প্রচারের জন্য নতুন টিভি চ্যানেল খোলা হবে।
এতে যারপরনাই মুগ্ধ বিসিবি সভাপতি। তিনি বলেন,”আমি আশা করব আমরা এখন থেকে যেন সব খেলা সরাসরি সম্প্রচার করতে পারি। কোনো চ্যানেলের সাথে লম্বা চুক্তিতে যেতে পারি কি না সেটা দেখছি। তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্যও আমি চেষ্টা করব, যাতে করে আমাদের এনসিএল থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা যায়।’’
পাপনের মতে, ঘরোয়া ক্রিকেট টিভিতে সম্প্রচার করা হলে খেলার মানও বাড়বে, সেই সাথে কমবে আম্পায়ারিং নিয়ে বিতর্ক। তিনি বলেন,’‘সব খেলা যদি টিভিতে দেখাতে পারতাম তাহলে খেলার মান বাড়ত। এতে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিংয়ের মানও বাড়বে, কারণ সবাই খেলা দেখবে। তখন খেলোয়াড়দের বাড়তি তাড়না থাকে- আমাকে আজ ভালো খেলতে হবে। ডিপিএল সফল হওয়ার পেছনে সরাসরি সম্প্রচারের একটা ভূমিকা ছিল। আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটা টুর্নামেন্ট হয়েছে।’’
