নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। করোনায় আক্রান্ত হন পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। করোনা সংক্রমিত হওয়ায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি।
বৃহস্পতিবার (২৪ জুন) এক বিবৃতিতে প্রিটোরিয়াসের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে উইয়ান মুল্ডারকে।
করোনা আক্রান্ত হলেও প্রিটোরিয়াসের কোনো লক্ষণ বা উপসর্গ মেলেনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে নিয়মমাফিক করোনা পরীক্ষায় তার দেহে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর তাকে ছাড়াই ক্যারিবীয় দ্বীপে উড়াল দেয় দল।
প্রিটোরিয়াসকে হারালেও নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছে প্রোটিয়ারা। চোট পেয়ে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি, এরপর চোট বাঁধান আঙুলেও। তবে তিনি সেরে ওঠার পথে রয়েছেন।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী রবিবার (২৭ জুন)। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ জুন এবং ২ ও ৪ জুলাই।
একনজরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিউরান ফরটান, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, সিসান্ডা মাগালা, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, র্যাসি ভন ডার ডুসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।
