নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপজয়ী দলের যাদের জাতীয় দলে দেখার প্রতিক্রিয়া ছিল তাদের অন্যতম একজন হলেন শামীম হোসেন পাটোয়ারী। দীর্ঘদিন অপেক্ষার পর এবার জাতীয় দলের ডাক পেলেন তিনি। এখন অপেক্ষা শুধু জাতীয় দলের জার্সিতে মাঠে নামা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের স্কোয়াডে ডাক পেয়েছেন শামীম।
বয়স সবে মাত্র ২০ পেরিয়েছে, এতেই নজর কেড়েছেন সবার। মূলত, সবার নজর কেড়েছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। করোনাভাইরাস মহামারির কারণে খেলা বন্ধ ছিল। তবে নিজের সে পুরাতন ফর্মে মরিচা পড়তে দেননি শামীম পাটোয়ারী।
কথা ছিল যুব বিশ্বকাপ জিতে যোগ দিবেন এইচপি দলে, তবে করোনার আক্রমণে এইচপি ক্যাম্প বন্ধ হলেও নিজের ফর্ম ঠিকই ধরে রেখেছিলেন তিনি। বিরুপ পরিস্থিতির মাঝেও এইচপি ক্যাম্প শুরু হলে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজে নিজেকে আবারও নতুন করে চেনান শামীম পাটোয়ারী। আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে এবং এক টি-টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও উইকেটের চারপাশে দূর্দান্ত সব শট খেলে ক্রিকেট বোদ্ধাদের মুগ্ধ করেছেন।
বাংলাদেশ দলের ফিনিশিং লাইন আপের দূর্বলতা বেশ পুরোনো। এখানে নাসির, সাব্বির, মোসাদ্দেক থেকে আফিফ, সৌম্য সরকারকেও সুযোগ দেওয়া হয়েছিল। তবে, এই জায়গায় কেউ পুরোপুরি পাকাপোক্ত হতে পারেনি। দলের কন্ডিশন বিবেচনা করে শামীম হোসেন পাটোয়ারী ফিনিশিংয়ে খেলতে চান বলে জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি যদি সুযোগ পাই তাহলে ফিনিশিং করাটাই আমার কাজ থাকবে আর পাশাপাশি বোলিং ফল্ডিং তো আছেই।
