নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড।
কার্ডিফে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করেছিল শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আভিশকাকে ০(৪) সাজঘরে ফেরান স্যাম কারান। দানুশকা গুনাথিলাকা ব্যাট হাতে ঝড় তোলার আশ্বাস দিয়েও তাকে থামতে হয় ব্যক্তিগত ১৯ (১৬)রানে।
মিডল অর্ডারে ব্যর্থ হন কুশল মেন্ডিস ৯(১২) ও ধনঞ্জয়া ডি সিলভা ৩(৪) । দলীয় অর্ধশত রানেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। তারপর কিছুটা লড়াই করেন কুশাল পেরেরা। ১৩.১ ওভারে দলীয় ৭৯ রানে ফিরে যান পেরেরাও। ফেরার আগে ২৬ বলে ১ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তিনি। তারপর দলের হাল ধরেন দাসুন শানাকা। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২ টি করে উইকেট লাভ করেন স্যাম কারান ও আদিল রশিদ। ১ উইকেট করে নিয়েছেন মার্ক উড, ক্রিস জর্ডান এবং লিয়াম লিভিংস্টোন।
শ্রীলংকার দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জস বাটলার। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী ইনিংস খেলেন রয়। রয় এবং বাটলার মিলে পাওয়ার প্লে’তেই করেন ৬১ রান।
রয়ের ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রানের বিধ্বংসী ইনিংস থামে দলীয় ৮০ রানে। তাকে সাজঘরে ফেরান দুশমন্থ চামিরা। রয় আউট হলেও ঠিকই অর্ধশতক তুলে নেন বাটলার। এই ইংলিশ উইকেটকিপারের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন মালান।
তাতে অবশ্য ইংল্যান্ডের জয় ঠেকাতে পারেনি। বাটলারের অপরাজিত ৫৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রানের ইনিংস এবং বেয়ারস্টোর অপরাজিত ১৩ রানে ভর করে ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১২৯/৭ (ওভার ২০)
শানাকা ৫০, কুশল পেরেরা ৩০
রশিদ ২/১৭, কারান ২/২৫।
ইংল্যান্ড ১৩০/২ (ওভার ১৭.১)
বাটলার ৬৮*, রয় ৩৬
চামিরা ১/২৪, উদানা ১/৩০।
ফলাফল ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা জস বাটলার।
নিউজক্রিকেট /রাসেল।
