নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হলো আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। যেখানে ফাইনালে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। টেলর ও কেন উইলিয়ামসনের ৯৬ রানের জুটির ওপর নির্ভর করে প্রথমবারের মতো আইসিসির কোন শিরোপা জয়ের স্বাদ পেল কিউইরা।
আর এ শিরোপা জয়ের ফলে প্রাইজমানি হিসেবে ১৬ লাখ ডলার পাচ্ছে নিউজিল্যান্ড। আর রানার্স আপ হওয়া ভারত পাচ্ছে ৮ লাখ ডলার। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে এই প্রাইজমানির ঘোষণা দিয়েছিল আইসিসি।
ফাইনালিস্টের পাশাপাশি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা সব দলের জন্যই প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে চার লাখ ডলার। চারে থাকা ইংল্যান্ড পাচ্ছে সাড়ে তিন লাখ ডলার। পাঁচে থাকা পাকিস্তান পাচ্ছে দুই লাখ ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শেষ চারে থাকা দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাচ্ছে এক লাখ ডলার করে।
