ভবিষ্যতে এনসিএল-বিসিএলের ম্যাচও দেখা যাবে টিভিতে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের ভক্ত সমর্থকদের অনেক দিনের দাবি ঘরোয়া ক্রিকেট যেন টিভিতে দেখানো হয়। চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। কারণ ডিপিএলের সুপার লিগ পর্বের সবগুলো ম্যাচ দেখানো হচ্ছে দুটো টিভি চ্যানেলে।

আর দেশীয় প্রোডাকশনের এই সম্প্রচারে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। তিনি জানিয়েছেন, শুধু ডিপিএল নয় ভবিষ্যতে তারা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গুরুত্বপূর্ণ ম্যাচগুলো টিভিতে দেখানোর চেষ্টা করবেন।

তিনি বলেছেন,”আমার কাছে প্রডাকশন কোয়ালিটি খুবই ভালো মনে হচ্ছে। এই কোয়ালিটি যদি বাংলাদেশে আমাদের স্থানীয় প্রডাকশন হয় তাহলে আমরা আশা করব সামনে প্রতিবছরই ঢাকা প্রিমিয়ার লিগ তো প্রতিনিয়ত এবং এনসিএল , বিসিএল এগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচ দেখানোর কথা চিন্তা করতে পারি।”

সিসিডিএম এর পরিকল্পনা ছিল যেন দর্শকরা খেলাটি উপভোগ করেন। সেই পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে বলে মনে করেন কাজী এনাম।

তিনি বলেন,”অবশ্যই, আপনি দেখুন অনেক সময় মানুষ যদি একটা খেলা না দেখে তাহলে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই কারণেই কিন্তু আমরা চেয়েছি খেলাগুলো মানুষ লাইভ দেখুক। আমাদের কিন্তু এখন অনেক ভালো আম্পায়াররা আছে , আইসিসির প্যানেলের যারা তারা আম্পায়ারিং করছে। আমরা যেটা চেয়েছি যে সবাই খেলাটা দেখুক, উপভোগ করুক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »