মোহামেডানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল আবাহনী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডিপিএলের সুপার লীগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ৬০ রানে জিতেছে আবাহনী লিমিটেড। আবাহনীর কাছে পাত্তাই পায় নি সাকিববিহীন মোহামেডান।

আবাহনী -মোহামেডান দ্বৈরথ মানেই টান টান উত্তেজনা আর রোমাঞ্চকর লড়াই। ঐতিহ্যগতভাবেই চলে আসছে এই লড়াই। তবে এই লড়াইয়ে লাস্ট কয়েক বছর ধরে এক চেটিয়াভাবে দাপট দেখিয়ে আসছে আবাহনী। দীর্ঘ ৫ বছর পর চলতি ডিপিএলের ৭ম রাউন্ডে আবাহনীর বিপক্ষে জয় পায় মোহামেডান। বৃষ্টি বিঘ্নত সেই ম্যাচে হেরে গেলেও সুপার লীগে মোহামেডানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আবাহনী।

মিরপুরে দিনের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে আবাহনী। আবাহনীর হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন লিটন দাস। লিটন দাসকে নিয়ে ওপেনিং জুটিতে আবাহনীকে দূর্দান্ত শুরু এনে দেন মুনিম শাহারিয়ার। ৩.১ ওভারে দলীয় ২৮ রানে ফিরে যান লিটন দাস ৪(৭)।

তিন নম্বরে নেমে ১৭ বলে ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেছে ওপেনার মুনিম শাহারিয়ার। ৮.৫ ওভারে দলীয় ৭৭ রানে মুনিম ফিরে গেলে চতুর্থ উইকেটে মোহাম্মদ নাঈমের সাথে ৩৫ বলে ৫৫ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। ১৮ বলে ২৪ রান করা নাঈমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আসিফ হাসান। এরপর আফিফ ১০(৯), মোসাদ্দেক ১৪(৭) রান করে বিদায় নেন। ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭* রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। মোহামেডানের হয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন রুয়েল মিয়া। ৪ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন আসিফ হাসান।

আবাহনীর দেয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভার শেষে ১৩৩ রানে থেমেছে মোহামেডানের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মোহামেডান। এদিন আবাহনী বোলারদের তোপের মুখে পরে তাসের ঘরের মতো ভেঙে যায় মোহামেডানের ব্যাটিং লাইনআপ। ৬.৫ ওভারে মাত্র ৪২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে মোহামেডান।

কিছুটা লড়াই করে ফিরে যান ইরফান শুক্কুর ২৭(১৮)। এরপর দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান মাহমুদুল হাসান এবং আবু হায়দার রনি। ৭ম উইকেটে ৭৪ বলে ৭৮ রানের জুটি গড়েন এই দুজন। ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে মাহমুদুল ফিরে গেলেও ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন রনি। আবাহনীর হয়ে বল হাতে ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন মোসাদ্দেক হোসেন, ৪ ওভারে ১ মিডেন দিয়ে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, ১ উইকেট করে নিয়েছেন তানমিজ হাসান সাকিব এবং আরাফাত সানি।

সংক্ষিপ্ত স্কোরঃ আবাহনী লিমিটেড ১৯৪/৭(২০)
মুনিম ৪৩, শান্ত ২৭, নাঈম ২৪, মুশফিক ৫৭*, আফিফ ১০, মোসাদ্দেক ১৪,
বল হাতে রুয়েল মিয়া ১৯/৩, আসিফ হাসান ৪৭/৩, আবু জায়েদ ৩৮/১।

মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩৩/৭(২০)
ইরফান ২৭, মাহমুদুল ৩৭, রনি ৫৩
বল হাতে মোসাদ্দেক ১৪/২, সাইফুদ্দিন ৩৪/২, সানি ১৮/১, সাকিব ৩০/১।

ফলাফল আবাহনী ৬০ রানে জয়ী/ ম্যাচ সেরা মুশফিকুর রহিম।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »