নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি চোট পেলেও জিম্বাবুয়ে সিরিজে খেলতে কোন সমস্যা নেই জাতীয় দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাসের। এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সঙ্গে দুই ক্রিকেটারের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন তিনি।
এর আগে হাঁটুতে ব্যথা অনুভব করায় ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। মূলত বিসিবির মেডিকেল টিমের পরামর্শেই তিনি সরে দাঁড়িয়েছেন খেলা থেকে। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তামিমকে থাকতে হবে পূর্ণাঙ্গ বিশ্রামে।
দেবাশীষ বলেন,”তামিম গত কয়দিন ধরে ওর হাঁটুতে ব্যথার কথা বলছিল। সমস্যার ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। তিন দিন আগে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় আমরা সবাই মিলে মনস্থির করেছি- ভবিষ্যতে পারফরম্যান্সের স্বার্থে এই ইঞ্জুরির এখনই পরিচর্যা দরকার। সেই মোতাবেক ও এখনই খেলা থেকে বেড়িয়ে আসে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম নিলে ভালোই সেরে উঠবে এবং জিম্বাবুয়ে সফরে সমস্যা হওয়ার শঙ্কা নেই এ মুহূর্তে।’’
আরেক ওপেনার লিটন দাসও সেরে ওঠার পথে, জানিয়েছেন দেবাশীষ। তার দাবি, লিটন ব্যাট হাতে নিলে বোঝা যাবে তার চোটের সর্বশেষ অবস্থা।
দেবাশীষ বলেন,”লিটন গত দুই সপ্তাহের বেশি সময় ধরে রিস্ট স্ট্রেইনের সমস্যায় ভুগছেন। গতকাল পর্যন্ত ক্লাবের ফিজিওর যে রিপোর্ট পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ওর দুই হাতের শক্তি এবং দুই হাতের অন্যান্য ফিজিওথেরাপি এসেসমেন্ট প্রায় স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। এখন দরকার ম্যাচ প্র্যাকটিস। যখনই লিটন প্র্যাকটিস করবে বা ম্যাচ খেলবে তখন বোঝা যাবে ইঞ্জুরির বর্তমান অবস্থা। কিন্তু ফিজিওথেরাপির রিপোর্ট অনুসারে ইনজুরিটি রিকভারির পথে আছে।”
