নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ (১৮ জুন) থেকে শুরু হতে যাওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলবে ম্যাচটি। এই ৫ দিনকে ঘিরে আবহাওয়া পূর্বাভাসে মোটেই স্বস্তিদায়ক কিছু মিলছে না। পাঁচদিনের ম্যাচের প্রতিদিনই বৈরী আবহাওয়ার শঙ্কা মাথায় রেখেই মাঠে নামতে হবে কোহলি- উইলিয়ামসনদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাউদাম্পটনে।এই সময়ে ইংল্যান্ডে বসন্তকাল চলছে। আগামি ২১ জুন থেকে সেখানে গ্রীষ্মকাল শুরু হবে। ইংল্যান্ডে গ্রীষ্মের সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়। মেঘলা আকাশ, ভারী বর্ষণ, বজ্রসহ বৃষ্টি এখন ইংল্যান্ডে নিত্তনৈমিত্তিক ঘটনা। তাই এখানের বৈরি আবহাওয়ার বিপক্ষে লড়াই করেই মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল।
সাউদাম্পটনের আবহাওয়া দফতর ইতোমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনগুলোর ‘আবহাওয়া পূর্বাভাস’ ঘোষণা করেছে। ম্যাচের প্রতিদিনই ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগে থেকেই বরাদ্দকৃত রিজার্ভ ডে এর দিনে আবহাওয়ার বৈরিতার কোন শঙ্কা নেই।
টেস্টের প্রথম দিন
আজ থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আবহাওয়া পূর্বাভাস থেকে জানা যায়, ওইদিন সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। এমনকি বজ্রসহ মাঝারি আকারে বৃষ্টিপাত ও ঝড়ের আশঙ্কা রয়েছে। ফলে প্রথম দিন যে পুরো ৯০ ওভারের খেলা মাঠে গড়াচ্ছে না সেটা সহজেই অনুমেয়।
টেস্টের দ্বিতীয় দিন
প্রথম দিনের তুলনায় ম্যাচের দ্বিতীয় দিন আবহাওয়া পরিস্থিতিতে খানিকটা উন্নতি ঘটবে। বজ্রবৃষ্টি কিংবা ভারী বর্ষণের শঙ্কা নেই। তবে সারাদিনই আকাশ মেঘলা থাকবে। এদিন বৃষ্টিপাতের আশঙ্কা ক্ষীণ।
টেস্টের তৃতীয় দিন
তৃতীয় দিনে এসে প্রথম দিনের মতোই ম্যাচের খানিকটা অংশ বৃষ্টির কবলে পড়তে পারে। বজ্রসহ বৃষ্টিপাত, সেই সাথে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার থাকবে যা আউটফিল্ড মন্থর করে দিতে পারে।
টেস্টের চতুর্থ দিন
ম্যাচের চতুর্থ দিনের আবহাওয়া পরিস্থিতি আরও নাজুক হবে বলে জানা গেছে। সাউদাম্পটনে এদিন ঝড় হবেই বলে পূর্বাভাসে জানা যায়। বাতাসের গতি আগের দিনের চেয়ে কয়েকগুণ বেড়ে ঘন্টায় ৩২ কিলোমিটার বেগে বইতে পারে।
টেস্টের পঞ্চম দিন
ম্যাচের পঞ্চম দিন অর্থাৎ ২২ জুন সকাল থেকেই সাউদাম্পটনে বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বজ্রসহ বৃষ্টি ও বাতাসের প্রবল গতিবেগের করণে সেদিন খেলা শুরু হতে দেড়ি হতে পারে। ম্যাচ শুরু হলেও সেদিন খুব বেশি ওভার খেলা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
রিজার্ভ ডে
গ্রীষ্মের আগে ইংল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে আইসিসি আগে থেকেই এই ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত দারণ কার্যকর হতে পারে। কেননা, রিজার্ভ ডে ২৩ জুন সাউদাম্পটনের আকাশ থাকবে পরিষ্কার। এদিন বৃষ্টিপাতের আশঙ্কা একেবারেই নেই বলে পূর্বাভাসে জানা গেছে।
ম্যাচ যদি বৃষ্টির কারনে কিংবা স্বাভাবিকভাবে খেলেও ড্র হয়, সেক্ষেত্রে দুই দলকে যৌথ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছে আইসিসি। তখন চ্যাম্পিয়ন ও রানার্সআপের জন্য বরাদ্দকৃত প্রাইজমানির মোট ২.৪ মিলিয়ন ডলার উভয় দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
