নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবারো নতুন বিতর্কে জড়িয়েছেন সাব্বির রহমান। বিতর্ক আর সাব্বির যেনো এক সূত্রে গাথা। এই বিতর্ক আর অফ ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে। সবাই আশা করছিলেন নিজেকে শুধরে আবারো ফিরবেন জাতীয় দলে। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে শোধরাতে পারেননি। নতুন করে বিতর্কে জড়িয়েছেন এই ব্যাটসম্যান।
এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মেরে আলোচনায় এসেছেন তিনি। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নেমেছিল শেখ জামাল। মাঠের ঘটনায় ইতিমধ্যেই সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে শেখ জামাল কর্তৃপক্ষ।
সিসিডিএম কর্তৃপক্ষ বলেছেন, ‘আমাদের কাছে এখনও বিস্তারিত আসেনি। বিস্তারিত আসলে বলতে পারবো। চিঠি পাঠাতে পারে কিন্তু আমি দেখিনি এখনও। ঘটনা একটা ঘটেছে এটা শুনেছি আমি।’
এদিকে সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারনে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।’
চিঠিতে তারা আরও উল্লেখ্য করেছে, ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, জনাব সাব্বির রহমান রুম্মন এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।’
যদিও এই ঘটনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন সাব্বির। তিনি মিডিয়ায় বলেছেন, ‘কি বলেন এগুলো। আমার সাথে তার খেলাই ছিল না। উনি আমার বড় ভাইয়ের মতো। তার সাথে আমি কেন এমন করবো আমি একজন জাতীয় ক্রিকেটার।’
এই ঘটনার প্রেক্ষিতে সানি বলেছেন, ‘আমি কাছেই ফিল্ডিং করছিলাম। রূপগঞ্জের প্লেয়াররা তখন বাস থেকে নেমেছে। তাদের সাথে সাব্বিরও নামে। তখন সাব্বির আমাকে পেছনে থেকে ‘কালো, কালো’ বলে ক্ষেপাচ্ছিলো। আমি সেটাকে এড়িয়ে গেছি। এরপর সাব্বির আমাকে ইট ছুড়ে মেরেছে।’
নতুন এই বিতর্কে জেড় ধরে সাব্বিরের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা জানতে অপেক্ষা করতে হবে বিসিবির বৈঠক পর্যন্ত। তবে অভিযোগ প্রমাণিত হলে আবারো বড় শাস্তির মুখেই পড়বেন জাতীয় দলের ব্যাড বয় সাব্বির রহমান।
