ছায়া দলে থাকবেন বিজয়-ইমরুলরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন শীগ্রই জাতীয় দলের মতো করে একটি ছায়া দল গঠন করা হবে যার নাম বাংলা টাইগার্স৷ যেখানে ক্রিকেটারদের সারাবছর প্রশিক্ষণ দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করা হবে। এই দলে মূলত থাকবেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, নাসির হোসেন ও শফিউল ইসলামদের মতো ক্রিকেটাররা। যারা জাতীয় দলের রাডারে থাকবেন, যাদেরকে জাতীয় দলে খেলার জন্য বিবেচনায় রাখা হবে তারাই মূলত এই দলে থাকবেন।

এ প্রসঙ্গে কাজী এনাম বলেন, ‘এই দলের প্রশিক্ষণ কিন্তু সারাবছর চলবে। ‘এ’ দল সাধারণত কোন সিরিজ বা সফরের আগে কাজ করে। সবসময় সিরিজ আয়োজনও সহজ হয় না, বড় চ্যালেঞ্জ থাকে। করোনার কারণে এখন সব অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু এটা ইমরুল, সাব্বির, বিজয়, নাসির, শফিউলদের মতো খেলোয়াড়দের জায়গা। তারা কিন্তু এখন অনূর্ধ্ব-১৯ বা এইচপি দলে নেই। তাদের খেয়াল রাখার জন্যই এই বাংলাদেশ টাইগার্স।’

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শেষ হওয়ার পরই মূলত বাংলাদেশ টাইগার্সের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কাজী এনাম। কাজী এনাম বলেন, ‘আমার ইতোমধ্যে সুজন (খালেদ মাহমুদ সুজন) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আর বোর্ড সভাপতির সঙ্গে কালকে কথা হয়েছিল। এই লিগটা (ডিপিএল) যে শেষ হচ্ছে এরপর আমরা দ্রুতই এর কাজ শুরু করব।’

সিসিডিএমের এই চেয়ারম্যান আরো বলেন, ‘স্কোয়াডটা ১৬-২০ জনের হতে পারে। এটা নিয়ে আমরা আরও আলোচনা করব যে আমাদের স্কোয়াড সাইজ কতো হবে। এই কাজটা সারাবছরই অব্যাহত থাকবে।’

বিসিবি বসে অনুমতি নিয়েই কাজ শুরু হবে বাংলা টাইগার্স গঠনের। এখান থেকে জাতীয় দলে সুযোগ পাবে যারা কিনা ভালো পারফরম্যান্স করবে৷ তবে ডিপিএলের দূর্নীতি বিতর্ক ছাড়িয়ে বাংলা টাইগার্স দলে কি সবকিছু নিয়মমাফিক চলবে কিনা সেটা সময়ই বলে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »