নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৮ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ। এই ম্যাচে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। এর আগে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে না খেললেও, দলে ফিরেছেন কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং। তবে, চোটের জন্য বাদ পড়েছেন মিশেল স্যান্টনার। স্যান্টনারের পরিবর্তে নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যুক্ত হয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল। তবে জায়গা পাননি অপর রচিন রবীন্দ্র ও ডারিল মিচেল।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে টেস্ট জয়ে অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন প্যাটেল। এই টেস্টে ৪ টি উইকেটও নিয়েছিলেন তিনি। এদিকে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে ধরে রাখা হয়েছে দলে। স্পেশালিষ্ট বিকল্প ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে উইল ইয়ংকে। এছাড়া বিকল্প কিপার হিসেবে আছেন টম টম ব্লান্ডেলকে।
দল ঘোষণার পর নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেয়াড জানান, ‘কয়েকটি কঠিন সিদ্ধান্ত ছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করায় একমাত্র স্পিনার হিসেবে প্যাটেলকে রাখা হয়েছে। আমরা মনে করছি সাউদাম্পটনে এক্স ফ্যাক্টর হবেন তিনি।’
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে বিজে ওয়াটলিংয়ের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিউজিল্যান্ড দল :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি’গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টিম সাউদি, টম লাথাম, বিজে ওয়াটলিং, উইল ইয়ং, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রস টেইলর ও নীল ওয়াগনার।
