নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারের শেষ বল! ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আবাহনী। তখন বল হাতে আক্রমণে আসেন সাকিব। সাকিবের দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিম চার ও ছয় মারার পর শেষ বলে বল লাগে মুশফিকের প্যাডে। চোখের দেখায় আউট মনে হলেও আবেদন নাকচ করেন আম্পায়ার।
পরবর্তীতে সাকিব রাগে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন। এই ঘটনা শেষ না হতেই বৃষ্টি আসার বেশ আগেই আম্পায়ার খেলা বন্ধ করে দেন! যেখানে আর মাত্র এক বল খেলা হলেই ডিএল (ডার্ক ওয়ার্থ লুইস) মেথডে জয় পাবে মোহামেডান। এবার আম্পায়ারের এমন সিদ্ধান্তে স্টাম্প উপড়ে আছাড় মারেন সাকিব।
সাকিবের এমন আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইলেও বিসিবি আর লিগের আম্পায়ারদের নিয়ে বেশ সমালোচনা করে সাকিব সহ বেশ কিছু ক্রিকেট ভক্তরা। অবশ্য সাকিব তার কান্ডের জন্য ক্ষমাও প্রাথর্না করেন। তবে তার ঠিক কি শাস্তি হবে সেটা জানা যাবে ম্যাচ অফিসিয়ালসদের রিপোর্টের পর।
সাকিবকে কি ধরনের শাস্তি দেয়া হবে তা নিশ্চিত করতে পারেননি বিসিবির পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনাম বলেন, ‘দেখেন খেলার মাঠে অনেক কিছুই হয়। আজকে আবাহনী মোহামেডানের খেলা ছিল এবং এখানে প্রচুর উত্তেজনা ছিল, কিছুটা দুর্ঘটনা ছিল। যেখানে সাকিব আল হাসানও জড়িয়ে গেছে। এটা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভও ছিল। সুতরাং আপনারা সবাই দেখতে পেয়েছেন। এটা আসলে দুর্ভাগ্যবশত, ক্রিকেট এমন একটা খেলা যেখানে এমন একটা উত্তেজনা এসে যেতে পারে, কিন্তু আমরা আশা করি সব সময় খেলোয়াড়েরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করবে।’
তিনি আরও বলেন, ‘যাই হোক, আমাদের এখানে যে হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মতো। সেখানে যেমন থাকে এখানেও সেটা বজায় রাখতে হবে। এখানে ম্যানেজমেন্ট যারা আমাদের দেখে, পিসিটি বিশেষ ম্যাচ রেফরি যারা দেখে ম্যাচ আম্পায়ার্স, তারা একটা রিপোর্ট দিবে, আমরা আশা করছি আজ তাদের রিপোর্ট আসবে সব নিয়ম কিন্তু আছে। আপনি কোনো নিয়ম ভাঙলে কি ধরনের শাস্তি হবে তা আইন অনুযায়ী আসবে।’
