ঘরোয়া ক্রিকেটের কারণে ভারতের এতো উন্নতি- ইনজামাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে ক্রিকেটে ভারত অনেক এগিয়ে গেলেও বেশ পিছিয়ে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট। গত ৮-১০ বছরে ঘরোয়া ক্রিকেট থেকে যে পরিমান খেলোয়াড় ভারত প্রস্তুত করেছে তার ধারে কাছেও নেই পাকিস্তান, শ্রীলঙ্কা। বাংলাদেশ তো সেখানে ধরার বাইরে। মূলত ভারতে বিশ্বমানে অনুশীলন ব্যবস্থা আর ক্রিকেটে অবকাঠামো উন্নয়নের কারণে তারা বেশ এগিয়ে বলে মন্তব্য করেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক।

‘দ্যা হিন্দু’কে দেয়া সাক্ষাৎকারে ইনজামাম বলেন, ‘২০১০ পর্যন্ত এই তিন দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। তবে গত ১০-১২ বছরে ভারত তাদের খেলায় ব্যাপক উন্নতি করেছে এবং অবশ্যই পাকিস্তান এবং শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে গেছে। কৃতিত্ব আইপিএলকে নিশ্চিতভাবেই দিতে হবে তবে আমি অবশ্যই স্বীকার করতে পারি যে ভারত তার প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামোর প্রতি অনেকটা মনোনিবেশ করেছে এবং এটি তার উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘অনুশীলনের ক্ষেত্রে ক্লাবগুলি প্রচুর অর্থ পেয়েছে যার ফলে খেলোয়াড়রা বিশ্বমানের অনুশীলন সুবিধাদি পেয়েছে। আর এখন ভারত তার শক্তিশালী ঘরোয়া কাঠামোর সুফল পাচ্ছে, যেখানে উপমহাদেশের বাকি তিন দল তাদের প্রথম-শ্রেণীর ক্রিকেটে এতটা উন্নতি ঘটাতে পারেনি।’

আগে ভারতীয় দল বাইরে খেলতে গেলেই শুধু ভার‍ত নয় বলতে গেলে উপমহাদেশের সবগুলো দেশই যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় খেলতে যেতো সব দলই বেশ ভুগতো। তবে সেই যায়গা থেকে ব্যপজক উন্নতি করে ভারত এখন উপমহাদেশের বাইরে সহজে জয় পেলেও একই জায়গায় রয়ে গেছে পাকিস্তান, শ্রীলঙ্কা। এর মূল কারণ হিসেবে তিনি ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোকেই দেখছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে সফরকারী দলগুলির শীর্ষস্থানীয় ক্রিকেটাররা থাকা স্বত্ত্বেও অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে বেশ ভুগছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, তবে ভারত থেকে আগত একদল তরুণ অজিদের ঘরের মাঠে পরাজিত করে অবিশ্বাস্য কাজটি করেছে।’

ইনজামাম সবশেষে আরো যোগ করে বলেন, ‘সে কারণেই, আপনার প্রথম-শ্রেণীর কাঠামোর শীর্ষ স্থান হওয়া দরকার – কারণ এটি আপনাকে ভালভাবে প্রস্তুত করে। এটি এমন একটি অঞ্চল যেখানে উপমহাদেশের বাকি তিন দল সামান্য পিছিয়ে রয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »