নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মৌসুমে প্রতিনিয়ত ফিল্ডিং নিয়ে একেরপর এক প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল। বিদেশি ক্রিকেটের মানের সাথে বাংলাদেশ দলের ফিল্ডিং সমতূল্য কিনা, দেশীয় সমর্থকরাই তুলেছেন এমন প্রশ্ন। কারণ ক্যারিবীয় সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ক্যাচ ও ফিল্ডিং হাতছাড়ার ভুলগুলো ছিল দর্শকদৃষ্টিতে
বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিল্ডিং নিয়ে কাজ করছেন না, তা কিন্তু নয়। তবুও কেন, ফিল্ডিংয়ে ঘাটতি থেকেই যাচ্ছে। এ নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ফিল্ডিং নিয়ে ক্রিকেটাররা আরও একটু বাড়তি কাজ করলেই ফিল্ডিংয়ের ভুলত্রুটি কাটিয়ে ওঠা যাবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে একটি কালচার দাঁড় করাতে হবে নিজেদের জন্য। আমরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই বা আমাদের ক্রিকেটের পরিচয় কীভাবে দিতে চাই।’
ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে ফিল্ডিংয়ে উন্নতি করা তুলনামূলক সহজ বলেও দাবি তার। বাশার বলেন, ‘ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সবসময় উন্নতির জায়গা থাকে। ব্যাটিং-বোলিংয়ে ভালো করতে অনেক সময় এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট দরকার। কিন্তু ফিল্ডিং চাইলেই, একটু কষ্ট করলেই আরও উন্নত করা যায়।’
আর তাই শুধু জাতীয় দল নয়, দেশের সব পর্যায়ের ক্রিকেটাররাই দক্ষ ফিল্ডার হয়ে উঠবেন বলা প্রত্যাশা তার। তিনি আরও বলেন, ‘শুধু বাংলাদেশ দল নয়, আমি চাচ্ছি বাংলাদেশের ক্রিকেটের সবাই যেন ফিল্ডিংয়ে একটি মানদণ্ড নির্ধারণ করতে পারে। তখন জাতীয় দলেও ভালো করতে পারবে। করোনার কারণে কিছুটা জড়তা তো এসেছিল। কিন্তু এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। আমরা তুলনামূলক তরুণ দল। অভিজ্ঞরা আছে, তবে তরুণদের কাছ থেকে আরও ভালো ফিল্ডিং আশা করি।’
