মন্দের ভালোতেই স্বস্তি খুঁজছেন নির্বাচকরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এখন পর্যন্ত সফলভাবেই এগুচ্ছে টি টোয়েন্টি ফরম্যাট এর এই আসর। তবে মাঠের ক্রিকেটে তার আঁচ পাওয়া যায় নি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে চার-ছক্কার ফুলঝুরি আর রান বন্যার ম্যাচ উপভোগ করেন ক্রিকেট প্রেমিরা। তবে এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে ডিপিএলে। প্রায় সবগুলো ম্যাচেই বোলারদের দাপটে লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আর এজন্য উইকেটই দায়ী বলে মনে করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

ঘরোয়া ক্রিকেটারদের জন্য আয়ের একটা বড় উৎস ঢাকা প্রিমিয়ার লীগ। আর তাই নিজেদের জানান দিতে এই ডিপিএলকে বেছে নেন ঘরোয়া ক্রিকেটের তারকারা। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের লিগে ব্যাটসম্যানদের অসহায়ত্ব চোখে পড়ার মত। বাশার মেনে নিলেন, ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং বান্ধব উইকেট দিতে পারেননি তারা।

 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে খুনে মেজাজে ব্যাটিং করতে হলে যে ধরনের উইকেট দরকার হয় তা কিন্তু আমরা দিতে পারছি না। এগুলো স্লো উইকেট, বল টার্ন করছে, থেমে যাচ্ছে, এক্ষেত্রে আসলে ১৪০-১৫০ স্ট্রাইক রেটে রান করা কঠিন। এটাই হয়ত ব্যাটসম্যানদের বেশি ভোগাচ্ছে। ভালো হত যদি টি-টোয়েন্টির মানের ফ্ল্যাট ব্যাটিং উইকেট পেতাম, অনেকেই এরকম ইনিংস খেলত। এর মধ্য থেকেও কিন্তু কিছু ইনিংস দেখেছি যেগুলো বিরূপ পরিবেশে ভালো ইনিংসে রূপ নিয়েছে। বোলাররা অবশ্যই ভালো করছে, এমন উইকেটে এটা প্রত্যাশিতই।’

 

বাশার অবশ্য এও জানালেন, বৃষ্টির এই মৌসুমে ব্যাটিং বান্ধব উইকেট তৈরি করা সহজ কাজ নয়। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এই টুর্নামেন্ট দিয়ে খেলোয়াড়রা মাঠে থাকায় স্বস্তি খুঁজে নিচ্ছেন এই নির্বাচক।

বাশার বলেন, ‘এই মাসে তো অনেক বৃষ্টি হয়। এমন সময়ে একদম ফ্ল্যাট উইকেট পাওয়া একটু কঠিন। তারপরও বসে থাকার চেয়ে খেলা ভালো। যখন বাজে উইকেটে খেলার পর ভালো উইকেটে খেলবেন, তখন ভালো করা অনেক সহজ মনে হবে। খারাপ হোক ভালো হোক- মাঠে খেলা থাকা জরুরী। মাঠে খেলা থাকলে বড় খেলা হলে নিজেদের প্রস্তুত করে নিতে পারব।’

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »