ভুল স্বীকার করে পার পেলো মোহামেডান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

অনুশীলনে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ স্বীকার করে নিয়েছে ক্লাবটি। যদিও এর ফলে তাদের কোনো শাস্তি প্রয়োগ করা হয়নি।

গত ৪ জুন সাকিব আল হাসানের অনুশীলনে ঢুকে পড়েছিলেন এক বহিরাগত ব্যাক্তি। এরপরই এ নিয়ে শুরু হয় তুলপার। পরে এ বিষয়ে তদন্ত শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তদন্তকারী কর্মকর্তাদের নিকট ক্ষমাও চেয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার লক্ষ্যে মোহামেডান ক্লাবকে নোটিশ দিয়েছে সিসিডিএম। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুনানিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানও। এ সময় এনাম বলেন, ‘বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি।মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।’

জৈব সুরক্ষা বলয় ভাঙার তদন্তের ঘোষণা দিয়ে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। সবশেষে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়ে এই ঘটনার শেষে পৌছে সিসিডিএম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »