নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের নেতৃত্ব দিবেন টম লাথাম। টম লাথামের অধিনায়কত্বের অভিজ্ঞতা যেমন আছে সেই সাথে এই ফরম্যাটে তিনি বেশ অভিজ্ঞ। তাই অধিনায়কত্ব নিয়ে খুব একটা সমস্যা না হলেও উইলিয়ামসনের ইনজুরিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউইদের কতটুক সমস্যায় পড়তে হয় সেটাই দেখার ব্যাপার।
তবে নিউজিল্যান্ডের কোচ বলেছেন উইলিয়ামসন দ্রুতই সেরে উঠবে। মূলত ঝুকি না নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট নিউজিল্যান্ড। উইলিয়ামসনকে মাঠের বাইরে থাকতে হচ্ছে কনুইয়ের চোটের কারণে। এই চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাকে। এর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি কনুইয়ের এই চোটের কারণে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘উইলিয়ামসনের জন্য একটি টেস্ট হাতছাড়া করা সহজ সিদ্ধান্ত নয়। তবে আমরা মনে করি এটা ঠিক সিদ্ধান্ত। অস্বস্তি দূর করার জন্য তার কনুইতে ইনজেকশন দেওয়া হয়েছে। বিশ্রাম ও পুনর্বাসনের মাধ্যমে সে সেরে উঠতে পারবে।’
অবশ্য সিরিজের শেষ টেস্ট উইলিয়ামসনের জায়গায় সুযোগ পাবেন উইল ইয়াঙ। এই তরুন তুর্কি সুযোগ পেয়ে কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয়। আগামি ১৮ই জুন শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সময়টা বাকি অল্পই। ঠিক এই সময়ে উইলিয়ামসনের এমন অবস্থা বোর্ডকে ভাবালেও উইলিয়ামসনকে ফাইনালে হাতছাড়া করতে চাইবেন না কেউই। তাই বিশ্রাম দিয়ে তার প্রতি বিশেষ যত্ন নিয়ে দ্রুত সেরে ওঠানো টাই এখন মূল লক্ষ্য।
