শ্রীলঙ্কা সফরে প্রধান কোচের দায়িত্বে দ্রাবিড়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগেই থেকেই বলা হয়েছিল শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের প্রধান কোচের ভুমিকায় থাকবেন রাহুল দ্রাবিড়। অবশেষে তা চূড়ান্তও হয়ে গেল। দেশটির সাবেক এই ক্রিকেটারকে ভারতীয় জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারত জাতীয় দলের নিয়ন্ত্রণ করছেন দেশটির সাবেক খেলোয়াড় রবি শাস্ত্রি। তার অধীনেই খেলছেন কোহলি, রোহিতরা। এই মুহূর্তে ভারতীয় দল অবস্থান করছে ইংল্যান্ডে। যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে বিরাট কোহলির দল। ১৮ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রায় একই সময়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। একই সময়ে ভারতের টেস্ট দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।

করোনাভাইরাস ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার কারণে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফর করে আবার ইংল্যান্ড ফিরে যাওয়া এত সময়ে সম্ভব না। তাই শ্রীলঙ্কা সফরের জন্য ভিন্ন একটি দল গঠন করছে ভারত। আর সেখানেই কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দ্রাবিড়। এই সিরিজের কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হবে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) থেকে।

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হতে পারে ওপেনার শিখর ধাওয়ানকে। এছাড়া ভুবনেশ্বর কুমার, সুর্যকুমার যাদব, কুলদিপ যাদব, ইশান কিশান, পৃথ্বী শদের মতো ক্রিকেটারদের নিয়ে সাজানো হবে স্কোয়াড।

১৩ জুলাই ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ। সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই ও ১৮ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই। সবগুলো ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »