নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা ৪ বছর ভারতীয় জাতীয় ক্রিকেটদলের নির্বাচকের দায়িত্বে ছিলেন এম এস কে প্রসাদ। সেই সময়ে ভারতের একাদিক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে জানালেন প্রাক্তন এই নির্বাচক প্রধান।
অতীতে প্রসাদ ভারতীয় জাতীয়দলের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছিলেন। নির্বাচক থাকাকালীন সময়ে, ভারতীয় দলে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অবসর নেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছিল। প্রসাদ বলেন, “নির্বাচক থাকার সময় ভারতীয় ক্রিকেটের স্বার্থে বেশ কিছু কঠিন সিধান্ত নিতে হয়েছে। তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে গিয়েও নিতে হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।”
গেল মার্চে মাসে প্রসাদের মেয়াদ শেষ হয়। তিনি বলেন, “নির্বাচকের প্রধান দায়িত্ব আগামী দিনের জন্য সঠিক ক্রিকেটারকে খুঁজে বার করা, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে প্রাধান্য দিলে মুশকিল। নির্বাচকমণ্ডলী তৈরিই করা হয় আগামী যুগকে খুঁজে নেওয়ার জন্য। আরও একটা ধোনি বা সচিন তেন্ডুলকর পাওয়া কঠিন। এদের অবদান অস্বীকার করা যাবে না।”
এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন সাবেক এই নির্বাচক। তাঁর মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে ভারতীয় দল খেলছে তার পিছনে রয়েছে নির্বাচকদের কৃতিত্ব। কিন্তু তা স্বীকার করা হয় না। প্রসাদ আরও বলেন, “আমাদের যা করার আমরা সেটা করেছি। আর আমরা কী করেছি তা দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ায় ৭ জন তারকা না খেললেও তরুণরা সিরিজ জিতে এসেছে। এটা বড় কৃতিত্ব। কেউ সেটা বিশ্বাস করুক বা নাই করুন অস্বীকার করা যাবে না এটা।” ভারতীয় দলকে নিয়ে খুশি প্রসাদ। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জেতার আশায় রয়েছেন তিনি।
